প্রথম ম্যাচেই কন্তে-ম্যাজিক, শেষ মুহূর্তের গোলে জিতল চেলসি

৭৭ মিনিটে জেমস কলিন্সের গোলটা মাটি করে দিতে বসেছিল উপলক্ষটা। প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচ, তাঁর অভিষেক। ১-০ গোলে এগিয়ে থাকা ম্যাচটা হঠাৎই ১-১। সময়ও খুব বেশি বাকি নেই। আন্তোনিও কন্তে কি প্রমাদ গুনছিলেন?
না, সমস্যা দেখে হতাশ হয়ে পড়ার লোক তো চেলসি কোচ নন। অন্তত জুভেন্টাস ও ইতালিতে তাঁর কোচিংয়ের দর্শন তা-ই বলে। চেলসিতে প্রথম ম্যাচেও ব্যতিক্রম হলো না। গোল খাওয়ার পর উল্টো আরও আক্রমণাত্মক কৌশলে গেলেন। তাতেই এল সাফল্য। ম্যাচের একেবারে শেষ মুহূর্তের ডিয়েগো কস্তার গোল রাঙিয়ে দিল কন্তের অভিষেক, ওয়েস্ট হামের বিপক্ষে চেলসি জিতল ২-১ গোলে।
হোসে মরিনহোর অধীনে গত মৌসুমে শুরুটা একদমই ভালো হয়নি চেলসির। যেটির মূল্য দিয়ে ২০১৪-১৫ মৌসুমের চ্যাম্পিয়নরা শেষ পর্যন্ত লিগ শেষ করেছে দশে থেকে। এবার নতুন কোচ, নতুন দিনের আশা। কিন্তু প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার স্মৃতি ফিরে ম্যাচ শেষ হওয়ার কিছুক্ষণ আগে। পুরো ম্যাচে দুর্দান্ত খেলা এডেন হ্যাজার্ড ৪৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দিয়েছিলেন চেলসিকে, কিন্তু ৭৭ মিনিটে সেই এগিয়ে থাকার সুবিধা শেষ। কর্নার থেকে ভেসে আসা বলে ভলি করে ওয়েস্ট হামকে ম্যাচে ফেরান কলিন্স।
কিন্তু কন্তে-ম্যাজিক তো তখনো বাকি। এতক্ষণ ধরে খেলছিলেন ৪-২-৩-১ ফর্মেশনে, যেখানে একা স্ট্রাইকার হিসেবে খেলছিলেন কস্তা। তাঁকে সঙ্গ দিতে ৮৫ মিনিটে নামিয়ে দিলেন এই মৌসুমেই দলে আসা তরুণ বেলজিয়ান স্ট্রাইকার মিচি বাৎশুয়াইকে। তার কিছুক্ষণ আগে ক্লান্ত হ্যাজার্ড-উইলিয়ানের বদলে দুই উইংয়ে নামিয়ে দিলেন পেদ্রো ও ভিক্টর মোজেসকে। ফর্মেশন দাঁড়াল ৪-৪-২। সুফল পেতেও খুব বেশি দেরি হলো না। দুই স্ট্রাইকারের দুর্দান্ত যুগলবন্দিতেই এল জয়সূচক গোল। উড়ে আসা বলটা হেড করে কস্তার উদ্দেশে নামিয়ে দিলেন বাৎশুয়াই। বক্সের বাইরে থেকে কস্তার মাটি কামড়ানো শট জড়িয়ে গেল জালে!
পুরো ম্যাচেই ডাগআউটে অনেক উজ্জীবিত ছিলেন। তা অবশ্য কন্তে সব সময়ই থাকেন, ইতালির হয়ে ইউরোতেও বেশ নজর কেড়েছেন উজ্জীবনী শক্তি দিয়ে। যেন পারলে নিজেই মাঠে নেমে যান! তবে কাল কস্তার গোলের পর যেভাবে উদ্যাপন করলেন ইতালিয়ান কোচ, সেটিও চোখে লেগে থাকার মতো। অনেকটা লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপের মতো—কন্তেও দৌড়ালেন, লাফালেন, মুষ্টিবদ্ধ হাতে বাতাসে ঘুষি মারলেন। আবার ডাগআউটের পাশে বসা দর্শকদের সঙ্গে হাতও মেলালেন।
মৌসুমজুড়েই চেলসির ডাগআউটে এমন ‘প্যাশনে’র প্রদর্শনী দেখার প্রস্তুতি নিতে পারেন। সূত্র: স্টার স্পোর্টস।