প্রথম ম্যাচেই কৃষ্ণাদের জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের ওসাকায় ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তীব্র শীত। তারপরও ওসাকার ফুটবল মাঠে কাল বিকেলে একটু উষ্ণতাই ছড়াল বাংলাদেশের মেয়েরা। জে গ্রিন সাকাই ফেস্টিভ্যালে খেলার আগে জাপানে একমাত্র প্রীতি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। জাপানের সাকাই একাডেমিকে মেয়েরা হারিয়েছে ২-১ গোলে। বাংলাদেশের গোল দুটি করেছে সিরাত জাহান স্বপ্না ও মিশরাত জাহান মৌসুমী।

পরশু থাইল্যান্ডের অনূর্ধ্ব-১৬ দলকে সাকাই হারিয়েছিল ১০-০ গোলে। ম্যাচ শুরুর আগে এই সাকাই একাডেমিকে নিয়ে তাই বেশ শঙ্কায় ছিলেন কোচ গোলাম রব্বানী ছোটন। বাংলাদেশের মেয়েরা এমন শীতার্ত কন্ডিশনে খেলতে অভ্যস্ত নয়। কালকের জয়ের পর তাই গোলাম রব্বানীর কণ্ঠে ছিল বাড়তি উচ্ছ্বাস, ‘আমাদের মেয়েরা তীব্র ঠান্ডায় খুবই ভালো খেলেছে। সাকাই শক্তিশালী দল। এই দলের বিপক্ষে জেতায় মেয়েদের আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। ওদের পারফরম্যান্সে আমি খুশি। এখন মেয়েরা ফেস্টিভ্যালে খেলার জন্য মানসিকভাবে প্রস্তুত। আশা করি, ফেস্টিভ্যালে ওরা এই ধারাবাহিকতা ধরে রাখবে।’

ম্যাচটির ব্যাপ্তি ছিল ৭০ মিনিট। ২৪ মিনিটে স্বপ্নার গোলে প্রথমে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু সেই অগ্রগামিতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি। ৩০ মিনিটে সমতায় ফেরে জাপানি মেয়েরা। তবে ৩৫ মিনিটে বাংলাদেশকে জয় এনে দেয় মৌসুমী। বাকি সময় চেষ্টা করেও অবশ্য আর কোনো গোলের দেখা পায়নি কেউ।

আগামীকাল বাংলাদেশ ফেস্টিভ্যালে খেলবে তিনটি ম্যাচ। ওই ম্যাচগুলো হবে ৪০ মিনিটের।