প্রথম ম্যাচেই সামনে চ্যাম্পিয়নরা

সাফ ফুটবল কখনো আনন্দের উপলক্ষ, আবার কখনো হতাশার প্রতিশব্দ হয়ে আছে বাংলাদেশের কাছে। ২০০৩ সালে ঘরের মাঠে শিরোপা জয়টাই একমাত্র ব্যতিক্রম। নইলে বেশির ভাগ সময়ই সাফ মানে আক্ষেপ আর অতৃপ্তির গল্প। ২০০৫ করাচি সাফে রানার্সআপ হওয়া বাদ দিলে পরের চারটি সাফের তিনটিতেই গ্রুপ পর্ব থেকে বিদায়। গত দুটিতে তো প্রাপ্তি বলতে গ্রুপে মাত্র একটি পয়েন্ট!
‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’-এ বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাস তাই একেবারেই বিবর্ণ। এবার কী হবে কে জানে, তবে তোড়জোড় শুরু হয়ে গেল ডিসেম্বরে ভারতের কেরালায় অনুষ্ঠেয় নবম সাফ ফুটবল নিয়ে। যেটির পোশাকি নাম সাফ সুজুকি কাপ। কাল দিল্লিতে এটির ড্র হয়ে গেল। বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপে চ্যাম্পিয়ন আফগানিস্তান আর মালদ্বীপ ও ভুটানের সঙ্গে।
ড্র দেখে ঢাকার ফুটবল মহলে বলাবলি হচ্ছে, বাংলাদেশ কঠিন গ্রুপে পড়েছে। অনেকে এ আশঙ্কা করছেন, এবারও না গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়! দক্ষিণ এশিয়ার দলগুলো কাছাকাছি মানেরই হওয়ায় কোনটা সহজ গ্রুপ বলা কঠিন। বাংলাদেশের জন্য বরং ভুটানের বিপক্ষে জয়টা মোটামুটি সহজ ধরে নেওয়া যায়। সেমিতে পা রাখতে চাই আরেকটি জয়।
বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলামও তা-ই মনে করেন। গ্রুপ দেখে অন্য অনেকের মতো তাঁরও একই কথা, ‘ডেথ গ্রুপ।’ ব্যাখ্যাও করলেন, ‘আফগানিস্তান বর্তমান চ্যাম্পিয়ন। মালদ্বীপও খুব শক্তিশালী। এই দুটি ম্যাচের একটিতে আমাদের জিততেই হবে, এটা বিশাল এক চ্যালেঞ্জই।’
সেই জয়ের মিশনে প্রথম ম্যাচটাই বেশি গুরুত্বপূর্ণ। ২৪ ডিসেম্বর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ চ্যাম্পিয়ন আফগানিস্তান। শুরুতেই বড় ম্যাচ, বড় পরীক্ষাও; যা উতরে যাওয়ার ওপর জোর দিচ্ছেন গত আটটি সাফেই খেলা বাংলাদেশের সাবেক গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য, ‘শুরুটা ভালো করা খুব দরকার। নইলে ধুঁকতে হবে। আমি তো বলব, আফগানিস্তানের সঙ্গে প্রথম ম্যাচটাই বাংলাদেশের অগ্নিপরীক্ষা।’
নতুন কোচ ফাবিও লোপেজের বাংলাদেশ কেমন প্রস্তুতি নিয়ে যেতে পারে কেরালা, সেটির ওপরই আসলে নির্ভর করছে অনেক কিছু। মামুনুলও একই কথা বললেন। তবে কোচ লোপেজ চোখ রাখতে চান ট্রফিতেই। সাফ নিয়ে তাঁর ধারণা নেই, কিন্তু সবার প্রত্যাশা মাথায় রেখে ড্রয়ের পর বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’
ড্র অনুষ্ঠানে ছিলেন না সাফ সভাপতি কাজী সালাউদ্দিন। এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবল দেখতে ঢাকা ছাড়েননি তিনি। সাফ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলালের সঙ্গে অনুষ্ঠানে ছিলেন অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক কুশল দাস।
সাফ ফুটবল ২০১৫
গ্রুপ ‘এ’
ভারত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা
গ্রুপ ‘বি’
বাংলাদেশ, আফগানিস্তান, মালদ্বীপ, ভুটান
সূচি
| ২৩ ডিসেম্বর | নেপাল-শ্রীলঙ্কা ভারত-পাকিস্তান |
|---|---|
| ২৪ ডিসেম্বর | মালদ্বীপ-ভুটান বাংলাদেশ–আফগানিস্তান |
| ২৫ ডিসেম্বর | নেপাল-পাকিস্তান ভারত-শ্রীলঙ্কা |
| ২৬ ডিসেম্বর | বাংলাদেশ-মালদ্বীপ আফগানিস্তান-ভুটান |
| ২৭ ডিসেম্বর | পাকিস্তান-শ্রীলঙ্কা ভারত-নেপাল |
| ২৮ ডিসেম্বর | বাংলাদেশ-ভুটান আফগানিস্তান-মালদ্বীপ |
| ৩১ ডিসেম্বর | সেমিফাইনাল ‘এ’ ১-‘বি’ ২ ‘বি’ ১-‘এ’ ২ |
| ৩ জানুয়ারি ২০১৬ | ফাইনাল |
* দিনের প্রথম ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল ৪টায়, দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭টায়। ফাইনাল সন্ধ্যা ৭টায়। সব ম্যাচই কেরালার ত্রিবান্দ্রাম স্টেডিয়ামে