
কোলো মুসার রাতটা খারাপই কাটার কথা। পিছিয়ে পড়া মুক্তিযোদ্ধাকে ম্যােচ ফিরিয়েও জেতাতে পারলেন না এই নাইজেরিয়ান স্ট্রাইকার। ৫৪ মিনিটে তাঁর পেনাল্টি আটকে দিলেন বিজেএমসির গোলরক্ষক হিমেল। ম্যাচটাও তাই ১-১ থেকে আর ২-১ হয়নি।
অবাক করা ব্যাপার, প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের ছয় ম্যাচের পাঁচটিই ড্র! এ রাউন্ড শেষে সবার ওপরে আছে র্যা ঙ্কিংয়ে ১২ দলের মধ্যে ১১তম পুঁচকে উত্তর বারিধারা! শেখ রাসেলের বিপক্ষে বারিধারা ১-০ গোলে জয়ে বিস্ময় উপহার দিয়েছিল। কিন্তু শেখ জামাল-আরামবাগ, মোহামেডান-রহমতগঞ্জ, ঢাকা আবাহনী-চট্টগ্রাম আবাহনী, ব্রাদার্স-ফেনী এবং মুক্তিযোদ্ধা-বিজেএমসি ম্যাচ বিস্ময় দূরে থাক, জয়-পরাজয়ই দেখেনি। কী কাকতাল, কোনো এক মন্ত্রবলে পাঁচটি ম্যাচেরই স্কোরলাইন ১-১!
ড্র মানে না হেরে একটা পয়েন্ট পাওয়া। তাই বেশির ভাগ কোচকেই এক পয়েন্টে খুশি দেখাচ্ছে। মুক্তিযোদ্ধার কোচ আবদুল কাইয়ুম সেন্টুও আছেন এই দলে, ‘হারের চেয়েও তো ড্র ভালো।’ এর আগে দিনের প্রথম ম্যাচে ফেনী সকারের সঙ্গে ১-১ ড্রয়ের পর ব্রাদার্সের কোচ বালগোপাল মহারজনও বলে গেছেন, ‘খেলায় সন্তুষ্ট না হলেও ১ পয়েন্ট পেয়ে আমি খুশি।’
তবে জয়ের সুযোগটা কাল ভালোভাবেই এসে গিয়েছিল মুক্তিযোদ্ধার সামনে। মনে হচ্ছিল এলিটা কিংসলেবিহীন খর্ব শক্তির বিজেএমসিকে হারিয়ে প্রতিশোধ নিতে পারবে লাল জার্সিধারীরা। কদিন আগেই ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে তপুর গোলে এই মুক্তিযোদ্ধাকে হারিয়েছিল বিজেএমসি।
সেই প্রতিশোধ নিতেই আক্রমণে খেলোয়াড় বাড়িয়ে ৩-৫-২ ছকে চলে যান কোচ সেন্টু। কিন্তু তাঁর দল সুবিধা করতে পারেনি। ৬৪ মিনিটে বিজেএমসির বাইবেক লাল কার্ড দেখায় জেতার সম্ভাবনা বেড়ে যায় আরও। তবু বাকি সময়টা ১০ জনের দল পেয়েও মুক্তিযোদ্ধা পারেনি জয় দিয়ে লিগ শুরু করতে। প্রশংসা পাবেন বিজেএমসির দুই আফ্রিকান ডিফেন্ডার অ্যাডামস আর বাইবেক। তাঁরা বেশ শক্ত দেয়াল তুলে রেখেছিলেন। যদিও ৩৪ মিনিটে সেই দেয়ালটা ভেঙে ফেলেন মুসা (১-১), ঠিক এর এক মিনিট আগেই পেনাল্টিতে বিজেএমসিকে এগিয়ে নেন স্যামসন।
স্যামসনের সেই গোল যে শেষ পর্যন্ত বৃথা গেল, এ নিয়ে দল কিছুটা হতাশ। আবার স্বস্তিও পেয়েছে এই ভেবে, অন্তত একটা পয়েন্ট নিয়ে শুরু করা গেছে লিগ। সংবাদ সম্মেলনে সেই স্বস্তির কথাটাই বললেন হঠাৎই বিজেএমসির মহিলা দলের দায়িত্ব থেকে পুরুষ দলের প্রধান কোচ হয়ে যাওয়া মং ক্রু মারমা। মূল কোচ সাইদুল ইসলামের এএফসি কোচিং সনদ না থাকার কারণেই দৃশ্যপটে মং। তবে একপর্যায়ে তিনি বলে ফেললেন, ‘এটি ছিল আমাদের জন্য বাঁচা-মরার ম্যাচ।’
লিগের প্রথম ম্যাচ যেকোনো দলের জন্য বাঁচা-মরার হয়, সেটি এই প্রথম শোনা গেল!