প্রথম লড়াইয়ে গার্দিওলার হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিন ম্যাচ নিষিদ্ধ আগুয়েরোর জায়গায় পাওয়া সুযোগটা কী দুর্দান্তভাবেই না কাজে লাগিয়েছেন ইহিয়ানাচো! ম্যানচেস্টার সিটির প্রথম গোলটি করেছেন তরুণ নাইজেরিয়ান। কাল ওল্ড ট্রাফোর্ডে l রয়টার্স
তিন ম্যাচ নিষিদ্ধ আগুয়েরোর জায়গায় পাওয়া সুযোগটা কী দুর্দান্তভাবেই না কাজে লাগিয়েছেন ইহিয়ানাচো! ম্যানচেস্টার সিটির প্রথম গোলটি করেছেন তরুণ নাইজেরিয়ান। কাল ওল্ড ট্রাফোর্ডে l রয়টার্স

৯৫ মিনিটের বিশুদ্ধ ফুটবল বিনোদন!

শ্বাসরুদ্ধকর উত্তেজনা, দুটি দলেরই শেষ মিনিট পর্যন্ত হার না-মানার প্রতিজ্ঞা, কিছু ভুল, অল্পের জন্য গোল না হওয়ার আফসোস—কী ছিল না কাল ওল্ড ট্রাফোর্ডে? ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ম্যাচ এমনই হওয়া উচিত। এ ম্যাচের শেষ হাসিটা সিটিজেনদেরই। ইউনাইটেডকে তাদেরই মাঠে ২-১ গোলে হারিয়েছে পেপ গার্দিলার দল।

গার্দিওলা ও মরিনহো—ম্যাচের আগে সবটুকু আলো ছিল দুই কোচের ওপর। থাকারই কথা। একে ম্যানচেস্টারের লাল ও নীল অংশের সম্মানের লড়াই, তার ওপর ডাগআউটে সময়ের সেরা দুই কোচ। আর তাঁদের পুরোনো সম্পর্কের ইতিবৃত্ত। স্পেনের তিন মৌসুমের দ্বৈরথের পর বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ কোচের জন্য ইংল্যান্ডে এটি প্রথম ‘যুদ্ধ’। রেফারির বাঁশির আগেই তো ম্যাচটি জমে ওঠার কথা।

ম্যাচ জমল রেফারির বাঁশির পরও। দুই দলের আক্রমণ-প্রতিআক্রমণ, আর দুই কোচের কৌশলের প্রদর্শনীই হলো। ম্যাচের শুরুতেই কিছুটা চমক দেন মরিনহো। আগের তিন ম্যাচের জয়ী দলকে ভেঙে দুই উইংয়ে নামিয়ে দেন হেনরিক মেখিতেরিয়ান ও জেসি লিনগার্ডকে। কিন্তু এ ম্যাচটি সম্ভবত মরিনহোকে আরেকবার স্মরণ করিয়ে দিল, ‘উইনিং কম্বিনেশন’ সহজে ভাঙতে নেই। মেখিতারিয়ান-লিনগার্ড দুজনই প্রথমার্ধে ছিলেন নিষ্প্রভ। আর সে সুযোগে মাঝমাঠে ইচ্ছেমতো দাপিয়ে বেড়ালেন সিটির ফার্নান্দিনহো-ডি ব্রুইনরা।

৩৬ মিনিটের মধ্যেই দুবার গোলের উদ্‌যাপন করল সিটি। ১৫ মিনিটে ডি ব্রুইনের সৌজন্যে, ৩৬ মিনিটে ইহিয়ানাচো। তবে গোল খেয়েই যেন ঘুম ভাঙে ইউনাইটেডের। ৪২ মিনিটে ইব্রাহিমোভিচের সৌজন্যে ১ গোল শোধও করে রেড ডেভিলরা। এ গোলটি একটু বিব্রত করতে পারে গার্দিওলাকে। সিটি গোল খেয়েছে গোলকিপার ক্লদিও ব্রাভোর ভুলে, যাঁকে বার্সেলোনা থেকে এনে সিটির এত দিনের গোলকিপার জো হার্টকে একরকম বের করে দিয়েছেন গার্দিওলা, ধারে পাঠিয়েছেন ইতালির ক্লাব তুরিনোতে। কিন্তু ‘অভিষেকে’ই পরপর দুবার পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল ধরতে ব্যর্থ ব্রাভো, প্রথম সুযোগটি দারুণভাবেই নিয়েছেন ইব্রা। সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার গ্যারি লিনেকার এ দেখে মজা করে টুইট করেছেন, ‘তাজা খবর: তুরিনোতে হার্টের ধারের সময় কমিয়ে আনা হচ্ছে।’

গার্দিওলা অবশ্য তাঁর গোলকিপারের পাশেই দাঁড়াচ্ছেন, ‘ক্লদিওর (ব্রাভো) কারণেই আমরা প্রথমার্ধে ভালো খেলেছি। আমি চাই, গোলকিপাররা যেন বলকে তাড়া করে। আর যা হলো (ইব্রার গোলের পর), তারপরও দ্বিতীয়ার্ধে সে খেলা চালিয়ে গেল। এটাই ওর ব্যক্তিত্ব তুলে ধরে।’ দ্বিতীয়ার্ধেও কিছুটা বিতর্কের কেন্দ্রে ছিলেন ব্রাভো। অবশ্য সেটি মরিনহোর চোখে। ৫৬ মিনিটে বক্সে রুনির সঙ্গে সংঘর্ষ হয় ব্রাভোর, যা মরিনহোর চোখে ‘পেনাল্টি ও লাল কার্ড’। রেফারি মার্ক ক্ল্যাটেনবার্গের দিকে পক্ষপাতের অভিযোগও তুলেছেন ইউনাইটেড কোচ, ‘যদি আমার কোনো খেলোয়াড় মাঝমাঠেও এমন ফাউল করত, মারুয়ান ফেলাইনি বা রুনির কেউ, তাহলেও এটি লাল কার্ড ও ফ্রি-কিক হতো।’

রেফারিকে দোষারোপ করেছেন, দ্বিতীয়ার্ধে দুর্দান্ত খেলার পরও গোল বের করতে না পারায় ভাগ্যকেও দুষতে পারেন মরিনহো। তবে দিন শেষে ম্যাচের স্কোরলাইন বলবে, গার্দিওলার সঙ্গে প্রথম ব্যক্তিগত দ্বৈরথে তিনি ১-০-তে পিছিয়ে পড়েছেন। এএফপি।