অতিরিক্ত সময়ে কোপার ফাইনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসিকে রোখার চেষ্টায় চিলির খেলোয়াড়েরা। ছবি: রয়টার্স।
মেসিকে রোখার চেষ্টায় চিলির খেলোয়াড়েরা। ছবি: রয়টার্স।

তবে কি ২০১৫ সালের কোপা আমেরিকা ফাইনালেরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে শতবর্ষী কোপায়? যে দুটো দল গোটা প্রতিযোগিতায় মোট ৩৪টি গোল করল, প্রতিযোগিতায় সবচেয়ে বেশি করে গোল করা দুটো দেশের মধ্যকার ফাইনালই কিনা নির্ধারিত ৯০ মিনিটে কোনো গোল দেখল না! গোল দেখবে কী করে, সুযোগ তৈরি হলে তো! আর্জেন্টিনা-চিলির মধ্যকার ফাইনালে যে সুযোগই তৈরি হয়েছে হাতে গোনা!
প্রথমার্ধে গঞ্জালো হিগুয়েইন আর্জেন্টিনার সমর্থকদের মনে করিয়ে দিয়েছিলেন ২০১৪ বিশ্বকাপের ফাইনাল। ২১ মিনিটে চিলির গ্যারি মেডালের ভুলে একেবারে ফাঁকায় বল পেয়েও তিনি গোলকিপার ক্লদিও ব্রাভোকে পরাভূত করতে পারলেন না। বলটা ব্রাভোর পাশ দিয়ে গোলে ঠেলেছিলেন বটে, কিন্তু সেটা ঠিক জায়গায় পৌঁছাতে পারেনি। আর্জেন্টিনার পরের সুযোগটি তৈরি হলো ৮৪ মিনিটে এসে। হিগুয়েইনের বদলি হিসেবে মাঠে নামা সার্জিও আগুয়েরো আফসোসে পুড়বেন ম্যাচটা আর্জেন্টিনা হেরে গেলে। জিতে গেলেও আফসোস যাবে না। বীর হওয়ার অমন সুযোগ কি কেউ পায়ে ঠেলে? আগুয়োরো পায়ে ঠেলেছেন। একেবারে ফাঁকায় বল পেয়েও গোল করতে পারেননি।
চিলি তো আর্জেন্টিনার গোলেই প্রথম শট নিয়েছে ম্যাচের ৭৯ মিনিটে। তবে নির্ধারিত ৯০ মিনিটের একেবারে শেষলগ্নে একটি সম্মিলিত আক্রমণ থেকে একেবারে ফাঁকায় বল পেয়েও গোল করতে পারেননি আলেক্সিস সানচেজ।
এই কয়েকটি সুযোগের বাইরে কোপা শতবর্ষী প্রতিযোগিতার ফাইনালটা কিন্তু ছিল কিছুটা ম্যাড়মেড়েই। অন্তত নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে তো অবশ্যই। তবে অনেক তারকাকে ছাপিয়েও ফাইনালে আলোচিত চরিত্র কিন্তু ব্রাজিলের রেফারি হেবার রবার্তো লোপেজই। প্রথমার্ধের ৪৫ মিনিটের মধ্যেই যে রেফারি দুই পক্ষেরই একজন করে খেলোয়াড় বসিয়ে দিতে পারেন, তিনি তো আলোচিত হবেনই।
লিওনেল মেসিই হয়ে আছেন আর্জেন্টাইন আক্রমণের প্রাণভোমরা। চিলিয়ান রক্ষণকে ফাঁকি দেওয়ার চেষ্টা করেছেন তিনি বেশ কয়েকবার। বক্সের মধ্যে মেসির দ্রুত প্রবেশ ঠেকাতে গিয়েই তো ২৭ মিনিটে চিলির মার্সেলো দিয়াসকে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে। কোপার ফাইনালে প্রতিপক্ষের বিপক্ষে সংখ্যাতাত্ত্বিক সুবিধা নিতে পারার তৃপ্তিটা আর্জেন্টাইন সমর্থকদের বেশিক্ষণ তাড়িয়ে উপভোগ করতে দেননি ব্রাজিলীয় রেফারি লোপেজ। ৪২ মিনিটে আর্তুরো ভিদালকে পেছন থেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখতে হয়েছে আর্জেন্টিনার মার্কোস রোহোকে।
অতিরিক্ত সময়ের ১০১ মিনিটে সার্জিও আগুয়োরোর হেড গোলে প্রবেশের মুখে চিলির গোলকিপার ক্লাদিও ব্রাভো যেভাবে শরীরটাকে শূন্যে ভাসিয়ে তা ঠেকালেন, তা ছিল দর্শনীয়। কিন্তু আর্জেন্টাইনরা নিজেদের দুর্ভাগ্য কিন্তু ভাবতেই পারেন। এর আগে ৯৯ মিনিটের সময় পুচের একটি ক্রস থেকে ভার্গাসের হেড আর্জেন্টাইন গোলকিপার সার্জিও রোমেরোকে খুব সমস্যায় ফেলেনি।