জয় ফুটবলেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দর্শকদের আনন্দে ভাসালেন জাহিদ হাসান এমিলি। ছবি: বাফুফে
দর্শকদের আনন্দে ভাসালেন জাহিদ হাসান এমিলি। ছবি: বাফুফে

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন আনন্দের দিন সর্বশেষ কবে এসেছে? ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে বাংলাদেশের ৩ উইকেটে জয়। ফুটবলে রাজশাহীতে এল শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ গোলের জয়। ক্রিকেট-ফুটবল—একই দিনে দুই খেলাতেই জয় এনে খেলোয়াড়েরা বহুদিন পর দর্শকদের ভাসালেন বাঁধভাঙা আনন্দে!
যশোরের মতো রাজশাহীতেও ফুটবলের প্রতি দর্শকের ভালোবাসা বিন্দুমাত্র ঘাটতি নেই। গ্যালারি ছিল কানায় কানায় পূর্ণ। তবে যশোর শামসুল হুদা স্টেডিয়ামের গ্যালারি উপচে মানুষ যেভাবে মাঠের ভেতর ঢুকে পড়েছিল, রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে তেমনটি নয়। মাঠেও বাংলাদেশ দলের পারফরম্যান্সে বেশ পার্থক্য ছিল। পাস, স্কিল, মধ্যমাঠের নিয়ন্ত্রণ, রক্ষণ—সবকিছুতেই শ্রীলঙ্কা থেকে এগিয়ে ছিল বাংলাদেশ। এ ম্যাচ ড্র হলে সেটি হতো বাংলাদেশের জন্য পরাজয়ের সমতুল্য!
পূর্ণতা পেল না উৎসবটা
ম্যাচের মাত্র ৩ মিনিটেই দর্শকদের আনন্দে ভাসালেন আগের ম্যাচের গোলদাতা জাহিদ হাসান এমিলি। বক্সে মামুনুল ইসলামকে ফাউল করায় পেনাল্টি পায় বাংলাদেশ। পেনাল্টি থেকে গোল আদায়ে ভুল হয়নি এমিলির। বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ম্যাচে এ নিয়ে ১৮ গোল এমিলির।

২৮ মিনিটে সমতায় ফেরানোর দারুণ এক সুযোগ পায় শ্রীলঙ্কা। গোলরক্ষক রাসেল মাহমুদের দক্ষতায় এ দফা বিপদ থেকে রক্ষা পায় বাংলাদেশ। ৩১ মিনিটে আগের ম্যাচে শ্রীলঙ্কার গোলদাতা রোশানের ফ্রি কিকটি গোলবারে লাগায় আরেক দফা রক্ষা পান স্বাগতিকেরা। বিরতির কিছু আগে চোটাক্রান্ত হয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ দলের মধ্যমাঠের প্রাণভোমরা মামুনুল। দ্বিতীয়ার্ধের শুরুতে এমিলি দলকে এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন। তবে তাঁর হেডটি জাল খুঁজে পায়নি। ৭২ মিনিটে মিঠুন চৌধুরী অফসাইডে ফাঁড়ায় পড়ে আরেকটি গোলের সুযোগ হারান।
চার বছর আগে কলম্বোতে বাংলাদেশ ৩-০ গোলে হেরেছিল শ্রীলঙ্কার বিপক্ষে। ফলে আজ জিতে সে পরাজয়ের দারুণ প্রতিশোধ তুলল মামুনুল ইসলামের দল। দুই দলের ১৩ সাক্ষাতে এ নিয়ে বাংলাদেশ জিতল আটবার। রাজশাহীর মাটিতে এটি ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। ভেন্যু হিসেবে জয় দিয়েই যাত্রা শুরু রাজশাহীর।