টেলিভিশনের পর্দায় বারবার ভেসে উঠছিল ওমানের কোচ ব্রাঙ্কো ইভানকোভিচের চেহারা। ডাগআউটে অস্থিরভাবে পায়চারি করছিলেন এই ক্রোয়াট কোচ। ম্যাচের ২১ মিনিট পর্যন্ত মুহুর্মুহু আক্রমণে বাংলাদেশের ডিফেন্ডারদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছিলেন ওমানের ফরোয়ার্ডরা, কিন্তু গোল পাচ্ছিল না ওমান।
দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে চলতে থাকা ম্যাচটির ২২ মিনিটে এসে বাংলাদেশ আর আটকানো পারল না ওমানকে। ভেঙে গেল বাংলাদেশের রক্ষণ! ওমানের ফরোয়ার্ড মোহামেদ মোবারক আল গাফরি গোলটা করতেই যেন স্বস্তি ফিরে পেলেন ইভানকোভিচ।
এই প্রতিবেদন লেখার সময়ে, ২০২২ বিশ্বকাপ উপলক্ষ্যে এশিয়া অঞ্চলের বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচটিতে প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ।
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৪। ওমানের ৮০। এর আগের দুবারের মুখোমুখিতে দুবারই হেরেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ১০৪ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশ বিশ্বকাপ ও এশিয়ান কাপে বাছাইপর্বে ওমানের কাছে হারবে এটা যেন অনুমিতই । আর সেইভাবেই চিত্রনাট্য মেনে যেন এগিয়ে চলেছে প্রথমার্ধের খেলা।
শুরু থেকেই রক্ষণ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে বাংলাদেশকে। ম্যাচের ২ মিনিটে মোহামেদ মোবারক আল গাফরির শট ঠেকিয়ে দেন আনিসুর রহমান। বলটি মুঠোবন্দী করে নেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক। ৭ মিনিটে বক্সের সামনে থেকে ফ্রি কিক পায় ওমান। কিন্তু এ যাত্রায় গোল হয়নি।
ডান পাশ দিয়ে বারবার আতঙ্ক ছড়িয়েছেন খালিদ খলিফা আল হাজরি। তাঁর বেশ কিছু ভয়ঙ্কর ক্রস অবশ্য কাজে লাগাতে পারেননি ওমানি ফরোয়ার্ডরা। ম্যাচের ১২ থেকে ১৮ মিনিট পর্যন্ত ওমান টানা ৬ বার কর্নার আদায় করেছে। এক পর্যায়ে কর্নার থেকে আসা বলে খালিদ নাসের আল বেরাইকির বাইসাইকেল কিক ভয় ধরিয়ে দিয়েছিল বাংলাদেশ সমর্থকদের মনে। সব মিলিয়ে প্রথমার্ধে ১১টা কর্নার পায় ওমান!
১৮ মিনিটে প্রথম গোল প্রায় খেয়েই গিয়েছিল বাংলাদেশ। কিন্তু আমজাদ আল হাথরির হেড গোললাইন থেকে ফিরিয়ে দেন মোহাম্মদ ইব্রাহিম।
২২ মিনিটে ওমান কাঙ্খিত গোল পেয়েছে। বাঁ দিক দিয়ে আল হাজরির ক্রস থেকে আলতো টোকায় বল জালে জড়ান মোবারেক আল গাফরি। আর বিরতিতে যাওয়ার খানিক আগে আহমেদ আল কাবির শট সাইডপোস্টে লাগে, অল্পের জন্য গোলটা হয়নি ওমানের।
প্রথমার্ধে আক্রমণ সামলে এক-দুবার প্রতিআক্রমণে ওঠে বংলাদেশ। ২৮ মিনিটে প্রথমবার ওমানের অ্যাটাকিং থার্ডে পৌঁছান বাংলাদেশের ফুটবলাররা। আবদুল্লাহর কর্নার থেকে ইয়াসিনের হেডে গোলটা হয়ে গেলে হয়তো ম্যাচের গল্পটা অন্যভাবেই লিখতে হতো। সে যাত্রায় দারুণ দক্ষতায় বলটা বাইরে পাঠান ওমানের গোলরক্ষক ফাইজ ইসা আল রুশিদি।
এমনিতেই চোটজর্জর বাংলাদেশ দল। চোটের কারণে মিডফিল্ডার সোহেল রানা দেশে ফিরে এসেছেন আগেই। চোটে ছিটকে দিয়েছে আরেক মিডফিল্ডার মাসুক মিয়াকে। দুই হলুদ কার্ডের কারণে আজ খেলতে পারছেন না মিডফিল্ডার বিপলু আহমেদ ও নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া।
এই অবস্থায় আজ বাংলাদেশের মাঝমাঠে দুই পাশে খেলছেন আবদুল্লাহ ও মোহাম্মদ ইব্রাহিম। মাঝখানে খেলেছেন রাকিব। একমাত্র স্ট্রাইকার মতিন মিয়া একবার তো বক্সের সামনে গিয়েও ওমানের ডিফেন্ডারের গায়ে ধাক্কা লেগে পড়ে যান।
রক্ষণে দুই হলুদ কার্ডের কারণে আজ খেলতে পারছেন না রহমত মিয়া। কোচ জেমি ডে তাই একাদশে এনেছেন রিমন হোসেন ও ইয়াছিন আরাফাতকে। দুজনই চেষ্টা করেছেন রক্ষণ সামলানোর।
এর আগে ২০১৯ সালের ১৪ নভেম্বর এই বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বেরই প্রথম সাক্ষাতে ৪৮ মিনিট পর্যন্ত ওমানকে আটকে রেখেছিল রেখেছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত সেদিন ওমান জিতেছিল ৪-১ গোলে।