প্রধানমন্ত্রীর উদ্যোগে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বাদল রায়কে

উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হচ্ছে মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত সাবেক তারকা ফুটবলার ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি বাদল রায়কে। আজ বুধবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে তাঁকে।
সোমবার দিবাগত রাত তিনটায় অসুস্থবোধ করলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বাদল মস্তিষ্কে মৃদু রক্তক্ষরণে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকেরা প্রাথমিকভাবে নিশ্চিত হন। তাঁর এককালের সতীর্থ হাসানুজ্জামান বাবলু জানিয়েছেন, নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন দেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা এই তারকার জ্ঞান থাকলেও তাঁর মুখ ও শরীরের বাঁ দিক কিছুটা অবশ হয়ে গেছে।
গতকাল বিকেলে করা এমআরআই রিপোর্টটি ভালো না আসায় উদ্বিগ্ন তাঁর স্বজন ও শুভানুধ্যায়ীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে গতকাল রাতেই উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানোর সিদ্ধান্ত হয়। সাবেক ফুটবলার হাসানুজ্জামান বাবলু প্রথম আলোকে জানিয়েছেন, বাদলকে সিঙ্গাপুর পাঠানোর সব ব্যবস্থা হয়ে গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে এটি তদারক করছেন। বিকেলে এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা। এরপরই সেটি বাদলকে নিয়ে সিঙ্গাপুর রওনা দেবে।