প্রমাণ মিলেছে প্লাতিনির পক্ষে!
অভিযোগটা ছিল অবৈধ লেনদেনের। ফিফার কাছ থেকে ২০১১ সালে ২০ লাখ ডলার পেয়েছিলেন মিশেল প্লাতিনি। তাঁর দাবি, এটি পেয়েছিলেন ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের উপদেষ্টা হিসেবে। তবে এই লেনদেনের পক্ষে কোনো নথিপত্র দেখাতে পারেননি। যে কারণে প্লাতিনিকে ৯০ দিনের জন্য নিষিদ্ধও করেছে ফিফার নৈতিকতা কমিটি। তবে কাল ফ্রান্সের একটি সাপ্তাহিক দাবি করেছে, তারা সম্প্রতি একটি দলিল হাতে পেয়েছে, যেটি প্লাতিনির দাবিকে সমর্থন করে।
জার্নাল দু দিমাশে নামে সাপ্তাহিকটির প্রতিবেদনে লেখা হয়েছে, ১৯৯৮ সালের ১২ নভেম্বর উয়েফার নির্বাহী কমিটির এক সভায় এই নথিটি বিলি করা হয়েছিল। যে নথি অনুযায়ী, ১৯৯৮ সালে প্রথমবারের মতো ফিফা সভাপতি হওয়া সেপ ব্ল্যাটার প্লাতিনিকে ফিফার ভবিষ্যৎ ক্রীড়া পরিচালক হিসেবে ঘোষণা দিয়েছেন। নথিতে আছে যে, সেই সময় গুঞ্জন চলছিল, প্লাতিনি প্যারিস থেকেই এ দায়িত্ব পালন করবেন এবং এর জন্য ১ মিলিয়ন সুইস ফ্রাঁ পাবেন পারিশ্রমিক হিসেবে।
জার্নাল দু দিমাশের এই দলিলটি প্লাতিনিকে নির্দোষ প্রমাণে খুবই সাহায্য করবে বলে মনে করছেন তাঁর আইনজীবী থিেবা দি’আলেস, ‘এই দলিলটা প্লাতিনির সঙ্গে মৌখিক চুক্তির প্রমাণ। এতেই প্রমাণিত হয় প্লাতিনি ও ফিফার মধ্যে ১৯৯৮ সালে চুক্তি হয়েছিল।’
পুরো ব্যাপারটি নিয়ে ১৬ ও ১৮ ডিসেম্বর ফিফার নৈতিকতা কমিটি প্লাতিনিকে জেরা করার কথা রয়েছে। এএফপি।