প্রযুক্তি ও 'ঈশ্বরের হাত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো ম্যারাডোনা
ডিয়েগো ম্যারাডোনা

কয়েক বছর ধরেই ফুটবলে প্রযুক্তি ব্যবহারের পক্ষে-বিপক্ষে অনেক কথা হচ্ছে। ফিফা ডটকমের সঙ্গে এক সাক্ষাৎকারে ভিএআরের পক্ষেই ভোট দিয়েছেন ম্যারাডোনা, ‘ফুটবল পিছিয়ে থাকতে পারে না। সব খেলাতেই প্রযুক্তির ব্যবহার হচ্ছে। ফুটবলে এগুলো কেন আমরা ব্যবহার করব না?’

ফুটবলে প্রযুক্তি ব্যবহারের বিপক্ষে যাঁরা আছেন, তাঁদের মতে, এতে সময় নষ্ট হয়। ফলে দর্শকেরা বিরক্ত হন। তবে ম্যারাডোনা ব্যাপারটা দেখেন অন্যভাবে, ‘রেফারি ভুল সিদ্ধান্ত দিলেই বরং মানুষ বিরক্ত হয়। অথবা কোনো গোল ভুলভাবে বাতিল হলে বিরক্তি লাগে। প্রযুক্তি স্বচ্ছতা আনে।’

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তাঁর হাত দিয়ে দেওয়া গোলে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল আর্জেন্টিনা। সেবার আর্জেন্টিনা বিশ্বকাপও জিতেছিল। তখন ভিডিও প্রযুক্তি থাকলে এই ইতিহাস অন্য রকম হতে পারত বলেও মনে করেন ম্যারাডোনা, ‘আমি এটা নিয়ে ভেবে দেখেছি। প্রযুক্তি থাকলে গোলটি বাতিল হতে পারত। ১৯৯০ বিশ্বকাপেও কিন্তু আমি সোভিয়েত ইউনিয়নের বিপক্ষে গোললাইন থেকে হাত দিয়ে বল বাঁচিয়েছি। আমাদের ভাগ্য ভালো ছিল যে রেফারি তা দেখেনি। তখন প্রযুক্তি ছিলও না। কিন্তু এখনকার গল্প ভিন্ন।’

তবে শুধু আর্জেন্টিনা নয়, ভিডিও প্রযুক্তি না থাকার সুবিধা যে ইংল্যান্ডও পেয়েছে, সেটি মনে করিয়ে দিলেন ম্যারাডোনা। ইংল্যান্ডের ১৯৬৬ বিশ্বকাপ জেতা নিয়ে বলেছেন, ‘শুধু আমার ছিয়াশির গোলটা নিয়ে কেন কথা বলছেন! ইংল্যান্ড ছেষট্টিতে কীভাবে বিশ্বকাপ জিতল। একটি গোল পেল, যেটাতে বল গোললাইন অতিক্রমই করেনি (ফাইনালে জার্মানির বিপক্ষে)।’ ফিফা ডটকম।