পেশাদার লিগের ভেন্যু, মাঠসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কদিন ধরেই দেশের ফুটবলে চলছে নানা সমালোচনা।
বাফুফের পেশাদার লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী অবশ্য ভেন্যু কমিয়ে আনার কারণ হিসেবে করোনা পরিস্থিতির কথা বলেছেন।
তবে সাবেক ফুটবলাররা মনে করেন, বাফুফে আরেকটু উদ্যোগী হলে সুন্দরভাবে লিগটা পরিচালনা করা কঠিন ছিল না।
ঢাকার বাইরে অন্য ভালো ভেন্যু থাকলেও বাফুফে শেষ পর্যন্ত টঙ্গী আর মুন্সিগঞ্জকে বেছে নিয়ে তীব্রভাবে সমালোচিত হচ্ছে। পেশাদার লিগটাকে তারা হাস্যকর করে তুলেছে—বলছেন অনেকে।
করোনার সময় বিপিএল ক্রিকেট চট্টগ্রাম বা সিলেটে ভেন্যুতে হতে পারলে ফুটবল লিগের খেলা কেন কুমিল্লা বা সিলেটের মতো ভালো ভেন্যুতে হলো না—উঠছে এই প্রশ্নও।
জাতীয় দলের সাবেক কোচ শফিকুল ইসলাম মানিক গোটা বিষয়টার জন্য কাঠগড়ায় তুলছেন বাফুফেকেই, ‘কোভিডের সময় ক্রিকেট হচ্ছে সিলেটে। তাহলে ফুটবল হতে সমস্যা কী ছিল, আমার মাথায় ঢুকছে না। ইচ্ছা করলেই ক্লাবগুলোকে ঢাকার বাইরে ভালো ভেন্যুতে নিতে পারত বাফুফে। কুমিল্লা, সিলেট, গোপালগঞ্জ ভেন্যু তো তৈরিই ছিল। এসব সুন্দর ভেন্যুতে কেন গেল না বাফুফে, এটাই আমার কাছে আশ্চর্যের।’
কোভিডের অজুহাত দিয়ে লিগটা কোনোভাবে শেষ করতে পারলেই যেন বাঁচে বাফুফে! এমনটাই মনে করছেন শফিকুল। তাঁর মতে, এবার ফেডারেশন কাপও ঢাকার বাইরে আয়োজন করা যেত।
তাহলে কমলাপুরের অপ্রস্তুত টার্ফে খেলে খেলোয়াড়েরা চোটে পড়তেন না। বাফুফের অধীনে থাকা লিগ কমিটি একটু সক্রিয় হলে পেশাদার লিগের ভেন্যু নিয়েও এত সমালোচনা হতো না।
জাতীয় দলের সাবেক কোচ গোলাম সারোয়ার টিপু পেশাদার লিগ কমিটির অপেশাদারি কাণ্ড নিয়ে যারপরনাই হতাশ। তাঁর কথা, ‘বাফুফে প্রথমেই বিরাট এক গোয়াতুর্মি করেছে বসুন্ধরা কিংসের ভেন্যু বাতিল করে। বসুন্ধরা যদি তাদের ও শেখ রাসেলের ম্যাচ ছাড়া অন্য ম্যাচ সেই ভেন্যুতে করতে না চায়, তাহলে তাদের সঙ্গে কথা বলা উচিত ছিল। উল্টো কিংসের ভেন্যু বাতিল করা আমার কাছে বিস্ময়কর লেগেছে। বসুন্ধরাকে ভেন্যু দিয়ে একটা নতুনত্ব আনতে পারত বাফুফে। সেটা তারা করল না।’
বিকল্প হিসেবে কিনা বাফুফে গিয়েছে টঙ্গীতে, যেখানে পেশাদার লিগের ম্যাচ কল্পনাই করা যায় না বলে মনে করেন গোলাম সারোয়ার। মুন্সিগঞ্জের মাঠ নিয়েও একই অভিমত তাঁর।
এসব মাঠ, ভেন্যুতে পেশাদার লিগ চালানোর কী অর্থ, প্রশ্ন তুলে সারোয়ার বলছেন, ‘ফেডারেশনের উচিত খেলোয়াড়দের স্বার্থ দেখা, ভালো মাঠ দেওয়া। সেই সুযোগও ছিল। কিন্তু সেটা আমরা দেখলাম না। আমার তো প্রশ্ন করতে ইচ্ছা করে—সালাউদ্দিন, মুর্শেদীরা ফুটবল খেলেছে কি না। খেললে এমন সব হাস্যকর সিদ্ধান্ত কীভাবে নেয় ওরা?’
বাফুফের অনেক কিছুই করার ছিল। লিগটাকে জমজমাট করতে পারত। কিন্তু কিছুই করা হলো। ফলে লিগে জৌলুশের অভাব অনুভব করছেন মোহামেডানের সহকারী কোচ ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ। বলছেন, ‘৭টি ভেন্যুর কথা বলেছিল লিগ কমিটি। সদিচ্ছা থাকলে ৭টিতেই খেলা আয়োজন করা যেত। উল্টো এমন দুটি ভেন্যুতে খেলা দিয়েছে, সেখানে খেলে লিগের মান আরও নিচের দিকে নামছে।’