প্রশ্নবিদ্ধ ব্যালন ডি'অরের ভোটিং-প্রক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন উঠেছে ব্যালন ডি’অরের ভোটিং-প্রক্রিয়া নিয়ে ছবি: এএফপি
প্রশ্ন উঠেছে ব্যালন ডি’অরের ভোটিং-প্রক্রিয়া নিয়ে ছবি: এএফপি

মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরার মন্তব্যটি সত্যিই বিস্ফোরক। ব্যালন ডি’অরে নাকি তাঁর ভোট পাল্টে দেওয়া হয়েছে। প্রথম পছন্দ হিসেবে তিনি ভোট দিয়েছিলেন ফিলিপ লামকে; কিন্তু প্রকাশিত তালিকায় দেখা যাচ্ছে তাঁর ভোটটি পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর বাক্সে! মেক্সিকো কোচের একটি মন্তব্যেই ব্যালন ডি’অরের ভোটিং-প্রক্রিয়াটিই পড়ে গেছে প্রশ্ন ও বিতর্কের মুখে। হেরেরা একা নন। ভোটিং-প্রক্রিয়া নিয়ে অভিযোগ তুলেছেন অ্যাটলেটিকো মাদ্রিদ তারকা আর্দা তুরান। সেরা কোচ বাছতে তিনি নাকি ভোট দিয়েছিলেন তাঁর ক্লাবেরই কোচ ডিয়েগো সিমিওনেকে। কিন্তু হেরেরার মতোই তিনি অবাক হয়ে দেখেন তাঁর ভোট গেছে চেলসি কোচ হোসে মরিনহোর পক্ষে। 
বছর দুয়েক আগে ব্যালন ডি’অরের পুরো প্রক্রিয়াটিকেই প্রশ্নবিদ্ধ করেছিলেন এই হোসে মরিনহো। রোনালদোকে ভোট দিয়েও মেসির জিতে যাওয়াটা কিছুতেই বরদাশত করতে পারেননি তিনি। বলেছিলেন ব্যালন ডি’অরে আকছার গড়াপেটা হয়। ফিফা ব্যতিব্যস্ত থাকে মেসিকে বিশ্বসেরা বানাতে। খ্যাপাটে বলে তখন কেউ পাত্তা দেয়নি মরিনহোকে। কিন্তু হেরেরা ও তুরানের মন্তব্য কিন্তু এবার অনেকেই গুরুত্বের সঙ্গে নিচ্ছে। এ ব্যাপারে সুষ্ঠু তদন্তেরও অভিযোগ উঠেছে কোনো কোনো মহল থেকে।
ব্যালন ডি’অরের ভোট দেন ফিফার সদস্য দেশগুলোর জাতীয় দলের কোচ, অধিনায়ক ও সাংবাদিকেরা। প্রত্যেকেই সুযোগ পান প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পছন্দ হিসেবে তিনটি ভোট দেওয়ার। পরে এই ভোটিং তালিকা প্রকাশ করা হয়। মেক্সিকো কোচ অবশ্য ফিফার বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি। কেবল জানিয়েছেন, নিজের প্রথম পছন্দ হিসেবে ফিলিপ লামের নাম বদলে যাওয়ার ব্যাপারটি। হেরেরা কেবল বলেছেন, ‘আমি তো রোনালদোকে ভোট দিইনি। বিশ্বকাপ বিজয়ী অধিনায়ক লামকে প্রথম পছন্দ হিসেবে ভোট দিয়েছিলাম। চূড়ান্ত তালিকা দেখে আমি সত্যিই ক্ষুব্ধ। মানছি, মেসি কিংবা রোনালদো অন্য মাত্রার ফুটবলার। কিন্তু বিশ্বকাপের বছরে বিশ্বচ্যাম্পিয়ন দল থেকেই কারোর এই পুরস্কারটি পাওয়া উচিত ছিল। ম্যানুয়েল নয়্যারও পেতে পারত। তবে আমি ভোট দিয়েছিলাম লামকেই। ’
এদিকে ব্যালন ডি’অরের ভোটিং-প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন উয়েফা ‘বস’ মিশেল প্লাতিনিও। তিনিও বিরক্ত ফিফা ‘মেসি-রোনালদো’তে নিজেদের আটকে ফেলায়। তিনি বলেছেন, ‘এই পুরস্কার ফ্রাঙ্ক রিবেরির মতো খেলোয়াড়েরা পাচ্ছে না। আমি রোনালদোর অর্জনকে মোটেও খাটো করছি না। কিন্তু মনে হচ্ছে পরের ব্যালন ডি’অরও মেসি কিংবা রোনালদোর মধ্যেই থাকবে। এবং এটা চলতেই থাকবে।’ সূত্র: ইএসপিএন ডটকম।