প্রস্তুত 'অধিনায়ক' নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার
নেইমার

ব্রাজিলের মতো দলে ২২ বছর বয়সে অধিনায়ক হওয়ার জন্য একটু তাড়াতাড়িই। এই বয়সেই অধিনায়কের বাহুবন্ধনী পরবেন, সেটা বোধ হয় নেইমারও ভাবেননি। তবে পাকেচক্রে সেই সম্মানটাই পেয়ে গেলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। কলম্বিয়া ও ইকুয়েডরের সঙ্গে ম্যাচে ‘অধিনায়ক’ নেইমারের শুরুটা ভালোই হয়েছে, দুটি ম্যাচই জিতেছে ব্রাজিল।
বয়স যা-ই হোক, ব্রাজিল দলের জার্সি নেইমার গায়ে চাপিয়েছেন অনেক দিনই। ২০১০ সালে অভিষেকের পর ৫৬টি ম্যাচও খেলা হয়ে গেছে। অভিজ্ঞতার ভান্ডার একেবারে কম ঋদ্ধ নয়। নেইমারের দাবি, দায়িত্বটা নিয়মিত পালন করার জন্য তিনি প্রস্তুত, ‘আমি এখনো তরুণতর একজন নেতা, তরুণ খেলোয়াড়দের একজন। কিন্তু আমি খুবই খুশি। এই চার বছরে আমি অনেক কিছু শিখেছি, প্রথম দিন থেকেই। এখন নতুন খেলোয়াড়দের আমি দলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য অনেক বেশি সাহায্য করতে পারি।’
১-০ গোলের দুটি জয়ই আপ্লুত করছে নেইমারকে, ‘আমার মনে হয় ফলটা ভালোই ছিল। দুটি কঠিন ম্যাচ আমরা পার করেছি, এটা খুবই ইতিবাচক। আমরা দুটিই জিতেছি, সে কারণে আমরা খুবই খুশি।’
কলম্বিয়ার বিপক্ষে একমাত্র গোলটা করেছেন নেইমারই। ইকুয়েডরের সঙ্গে ম্যাচে একবার বল বারে না লাগলে পেতেন। এ নিয়ে অবশ্য কোনো খেদ নেই নেইমারের, ‘বলটা একটু তাড়াতাড়ি এসেছিল। শেষ পর্যন্ত এটা খুব একটা বাঁক নেয়নি, আমি শুধু আমার পা বাড়িয়ে দিয়েছিলাম। কিন্তু বলটা ওপরে উঠে যায়। যা-ই হোক, এমন কিছু হতেই পারে, এটা খেলারই অংশ।’ গোলডটকম।