প্রস্তুতির শেষ সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দলের কোচ লোডভিক ডি ক্রুইফ। কাল শেখ জামাল ধানমন্ডি মাঠে l প্রথম আলো
আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ দলের কোচ লোডভিক ডি ক্রুইফ। কাল শেখ জামাল ধানমন্ডি মাঠে l প্রথম আলো

‘এই ম্যাচটা আমাদের জন্য আসল পরীক্ষা’—বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এসে জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ যেন এক কথাতেই বুঝিয়ে দিলেন অনেক কিছু।
রাশিয়া বিশ্বকাপ ও আগামী এশিয়ান কাপের বাছাইপর্বে বাংলাদেশের অভিযান শুরু হতে বাকি ৯ দিন। ১১ জুন বঙ্গবন্ধু স্টেডিয়ামে কিরগিজস্তানের সঙ্গে হবে প্রথম ম্যাচ। ১৬ জুন পরেরটিও একই ভেন্যুতে—প্রতিপক্ষ তাজিকিস্তান। এর আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে বাংলাদেশ। আফগানিস্তানের সঙ্গে এই প্রীতি ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায়।
পরীক্ষাটা আসলে ফুটবলারদের। বিশ্বকাপের বাছাইপর্বে চূড়ান্ত দলে ঢোকার জন্য নিজেদের প্রমাণের শেষ সুযোগটাই তো তাঁরা আজ পাচ্ছেন। মোহামেডানের তরুণ গোলরক্ষক আশরাফুল ইসলাম রানার জন্য অন্তত এটা বিশাল সুযোগ। সিঙ্গাপুরের সঙ্গে খেলা গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলকে বাদ দিয়ে সেনাবাহিনীর সাবেক ফুটবলারকে সুযোগ দেওয়ার একটা আভাস কাল দিয়ে রাখলেন কোচ।
আফগানিস্তান সাফের বর্তমান চ্যাম্পিয়ন। কিন্তু সাফজয়ী দলটির মাত্র চারজন এসেছেন বাংলাদেশে। আসলে পুরো আফগানিস্তান দলটাকেই ঢেলে সাজানো হয়েছে। গত ফেব্রুয়ারিতে দায়িত্ব নিয়েছেন বসনিয়ান বংশোদ্ভূত জার্মান কোচ স্লাভেন স্কেলেজিচ। এরই মধ্যে গত মাসে তাঁর অধীনে একটা প্রীতি ম্যাচে লাওসে জিতেছে আফগানিস্তান। বাংলাদেশের চেয়ে শারীরিক গড়নে, উচ্চতায় অনেক এগিয়ে এই আফগান দল। বদলে যাওয়া আফগানিস্তানের ১৮ জন ফুটবলার খেলেন দেশের বাইরের লিগে। এসবই আত্মবিশ্বাসী করে তুলছে আফগানদের।
যদিও অতীতের পরিসংখ্যান এগিয়ে রাখছে বাংলাদেশকেই। চারটি ম্যাচের দুটিতে জয়, দুটি ড্র। জয় দুটি অবশ্য বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের। তবে বাংলাদেশের অধিনায়ক মামুনুল ইসলাম অতীত নিয়ে পড়ে থাকতে চান না, ‘অতীতের ম্যাচগুলো আমাদের উৎসাহ দেবে। কিন্তু সেগুলো ভেবে বসে থাকলে চলবে না।’
বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৩০ মে প্রথম প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের সঙ্গে এগিয়ে থেকেও ২-১ গোলে হেরেছে বাংলাদেশ। আফগানিস্তানকে নিয়ে তাই বাড়তি সতর্কতা এই মিডফিল্ডারের, ‘আফগানিস্তান অনেক ভালো দল। এই দলের অনেকে ইউরোপে খেলে। ওদের হালকাভাবে দেখার সুযোগ নেই।’ প্রতিপক্ষকে সমীহ করছেন তিনি জয়ের আশাটাকে উচ্চকিত রেখেই, ‘এই আফগানিস্তানকে হারানোর ক্ষমতা আছে। আমাদের ২৮ জন ফুটবলারই এখন একাদশে খেলার যোগ্যতা রাখে। আমরা আজ আমাদের সেরা ম্যাচটাই খেলতে চাই।’ সেরাটা উজাড় করে দিতে চান আফগান অধিনায়ক জালালউদ্দিন শারতিয়ারও। তাঁর ভাবনায় শুধুই জয়, ‘ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। তারপরও এখানে আমরা জিততেই এসেছি।’ গত এশিয়ান গেমসে মামুনুলের একমাত্র গোলে হেরেছিল আফগানিস্তান। ওই দলে খেলেছিলেন জালালউদ্দিন। এবার যেন হারের বদলা নিতে মুখিয়ে আছেন তাঁরা।
বঙ্গবন্ধু স্টেডিয়ামের আশপাশে কাল সন্ধ্যা পর্যন্ত মাইকিং করে টিকিট বিক্রি করে বেড়ালেন ভ্রাম্যমাণ বিক্রেতারা। দর্শকদের মাঠে আসতে বিরামহীন অনুরোধ জানাচ্ছিলেন। দর্শক মাঠে এলে যেন বাড়তি উজ্জীবিত হয় বাংলাদেশ দল। সংবাদ সম্মেলনে মামুনুলও মাঠে আসতে আবেদন রাখলেন দর্শকদের প্রতি।
ভালো ফুটবল খেলার প্রতিশ্রুতি দেওয়া এই বাংলাদেশকে উৎসাহ দিতে আজ বিকেলে নাহয় চলেই আসুন বঙ্গবন্ধু স্টেডিয়ামে!