প্রাচীর ভেঙে মুক্তির আলো

৯ নভেম্বর ১৯৮৯, দুই জার্মানির এক হওয়ার দিন। সেই দিনটিকেই স্মরণ করেছেন জার্মানির সাবেক ফুটবল তারকা ম্যাথিয়াস সামার
কী হতো প্রাচীরটা না ভাঙলে? ক্যারিয়ারের এত সব অর্জন, বিশ্বজোড়া খ্যাতি, এই বিত্তবৈভবের কিছুই হয়তো পেতেন না। প্রাচীরটা ভেঙে দুই জার্মানি এক হয়ে যাবে, একসময় এটা ভাবতেই পারেননি ম্যাথিয়াস সামার!
এখন ঐক্যবদ্ধ জার্মানির নাগরিক। তবে ২৫ বছর আগেও সামারের ছিল খণ্ডিত পরিচয়। তখন জার্মানির একদিকে ছিল পুঁজিবাদী পশ্চিম জার্মানি, আরেক দিকে সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি। সামার ছিলেন পূর্ব জার্মানির নাগরিক। জৌলুশ, বৈভব, চাকচিক্যে যারা ছিল প্রতিবেশীদের চেয়ে অনেকটাই পিছিয়ে। পশ্চিম জার্মানির শনৈঃ শনৈঃ উন্নতিতে তাই চোখ টাটাত পূর্ব জার্মানদের। অনেকেই চাইত তল্পিতল্পা গুটিয়ে ওপারে চলে যেতে। কিন্তু সেটা ছিল অসম্ভব, মধ্যে অলঙ্ঘনীয় বাধার মতো যে দাঁড়িয়ে ছিল ১৫৬ কিলোমিটার দীর্ঘ বার্লিন প্রাচীর! কতশত লোক যে চুপিসারে সেই প্রাচীর পার হতে গিয়ে বেঘোরে মারা পড়েছে, তার লেখাজোখা নেই।
সামার এসব দেখেছেন শৈশবেই। জন্ম ড্রেসডেনে, খেলতেন পূর্ব জার্মানির প্রিমিয়ার লিগে ড্রেসডেন ডায়নামোর হয়ে। মনে স্বপ্ন ছিল, একদিন ওপার জার্মানির বিখ্যাত বুন্দেসলিগায় বিশ্বসেরা খেলোয়াড়দের সঙ্গে খেলবেন। কিন্তু স্বপ্ন দেখাই সার, সেটা মুখ ফুটে বলাটাই ছিল তখন অমার্জনীয় অপরাধ। সে সময় একবার বুন্দেসলিগার ক্লাব স্টুটগার্টের ডাচ কোচ অরি হান আসেন ড্রেসডেনে। ঘটনাচক্রে হোটেলে তাঁর সঙ্গে দেখা হয়ে যায় সামারের। দুজনের সামান্য সৌজন্য বিনিময়ও পূর্ব জার্মানির কুখ্যাত গোয়েন্দা বাহিনী স্টাসির দৃষ্টি এড়ায়নি। সামার নিজেই জানিয়েছেন, ‘হানের সঙ্গে দেখা হওয়ার সময়ই ভাবছিলাম, টেবিলের নিচে কোনো আড়ি পাতা যন্ত্রটন্ত্র নেই তো? আমাকে পরে স্টাসির কাছে পুরো ঘটনাটি খুলে বলতে হয়েছিল।’
অনেক পূর্ব জার্মান ফুটবলারের আত্মীয়স্বজন ছিল ওপারে। কিন্তু তাদের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করাটাও ছিল শাস্তিযোগ্য অপরাধ। শুধু এই ইচ্ছা জানানোর জন্যই অনেক ফুটবলারের ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছিল। সামার জানাচ্ছেন, ‘আপনি ভালো খেলোয়াড় কিনা সেটা ওখানে বিবেচ্য ছিল না, আপনার ভাবমূর্তি কেমন সেটাও দেখা হতো না।’
পূর্ব জার্মানির ফুটবল দলও ধারেভারে প্রতিবেশীদের চেয়ে অনেক পিছিয়ে ছিল। সামার ২২টি ম্যাচও খেলে ফেলেছিলেন পূর্ব জার্মানি দলের হয়ে। কিন্তু স্বপ্ন ছিল বুন্দেসলিগায় খেলবেন। অবশেষে সেই স্বপ্নপূরণের সুযোগ এসে গেল, ঘোষণা এল দুই দেশের সীমান্ত খুলে দেওয়া হবে। সেই স্মৃতি সামারের মনে এখনো শিহরণ জাগায়, ‘আমরা লিপজিগে অস্ট্রিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছিলাম। সেই মুহূর্তে শুধু ফুটবল নয়, আরও অনেক কিছুই ভাবনায় ছিল। তবে মনের গহিনে চিন্তাটা গুঞ্জরিত হচ্ছিল, এবার বোধ হয় বুন্দেসলিগায় খেলার স্বপ্ন সত্যি হবে।’
এরপর আর পেছনে তাকানো নয়। ১৯৮৯ সালের ৯ নভেম্বর সীমান্ত খুলে দেওয়ার পরের বছর একীভূত হয় দুই জার্মানি। সেই বছরেই স্টুটগার্টে নাম লেখান সামার, পরের বছর অখণ্ড জার্মানির প্রথম ঘরোয়া লিগও জেতেন। ১৯৯৬ সালে জার্মানির ইউরোজয়ের অন্যতম কুশীলব ছিলেন এই মিডফিল্ডার, ইউরোপের সেরা খেলোয়াড়ও হয়েছিলেন সে বছর। পরে ডর্টমুন্ডের হয়ে জেতেন চ্যাম্পিয়নস লিগ। এখন পালন করছেন বায়ার্নের ক্রীড়া পরিচালকের দায়িত্ব। বার্লিন প্রাচীর না ভাঙলে এসবের কিছুই হয়তো হতো না! এএফপি।