প্রাচীরের নাম ডি গিয়া
৩ গোলের একটা ম্যাচে সেরার পুরস্কারটা কার পাওয়া উচিত? গোলদাতাদের কারোরই নিশ্চয়ই? সেই হিসেবে পরশু ম্যানচেস্টার ইউনাইটেড-লিভারপুল ম্যাচে ওয়েইন রুনি, হুয়ান মাতা বা রবিন ফন পার্সিরই এটা পাওয়ার কথা। কিন্তু পুরস্কারটা যখন একজন গোলরক্ষক পান, তখন একটু হলেও অবাক হতে হয়।
পরশু ম্যাচটা যাঁরা দেখেছেন, তাঁরা এ নিয়ে মৃদু আপত্তিও করবেন না। ডেভিড ডি গিয়া কী করেছেন, পরিসংখ্যানে সেটি ঠিকঠাক অনূদিত হতে পারছে না। আটটি সেভও তাই বলছে না কতটা দুর্দান্ত ছিলেন ২৪ বছর বয়সী এই স্প্যানিশ গোলরক্ষক। গোলপোস্টের সামনে অমন অতিমানব হয়ে না দাঁড়ালে ম্যাচটা ইউনাইটেড হেরেও যেতে পারত। রাহিম স্টার্লিং ও মারিও বালোতেল্লির ভাগ্যটাই বেশি খারাপ। দুজনের নিশ্চিত তিনটি গোল ঠেকিয়ে দিয়েছেন ডি গিয়া।
ওলে গানার সোলকায়ের দীর্ঘদিন খেলেছেন ইউনাইটেডে। সতীর্থ হিসেবে পেয়েছিলেন পিটার স্মাইকেলকে, যাঁকে এখনো ইউনাইটেডের ইতিহাসসেরা গোলরক্ষক বলা হয়। পরে আরেক দুর্দান্ত গোলরক্ষক এডউইন ফন ডার সারের সঙ্গেও খেলেছেন। সেই সোলকায়ের যখন বলেন, ‘আমি স্মাইকেল ও ফন ডার সারের বেশ কিছু দারুণ পারফরম্যান্স দেখেছি। কিন্তু আজকেরটা (ডি গিয়ারটা) ছিল ওল্ড ট্রাফোর্ডে কোনো ইউনাইটেড গোলরক্ষকের সম্ভবত সেরা পারফরম্যান্স’—বোঝাই যায় ডি গিয়া কী করেছেন!
এই মৌসুমে ইউনাইটেডের অনভিজ্ঞ রক্ষণের সব ঝড় একাই সামলেছেন। ইউনাইটেড যে তিনে থেকে শিরোপার আশা বাঁচিয়ে রেখেছে, তাতে তাঁর অবদান অনেক। সাবেক লিভারপুল ডিফেন্ডার জেমি ক্যারাঘার তো আরেক ধাপ এগিয়ে বললেন, ‘এ মুহূর্তে বিশ্বের সেরা গোলরক্ষক কে? হয়তো ম্যানুয়েল নয়্যার। থিবো কোর্তোয়াও খুব কাছাকাছি। কিন্তু ওদের জিজ্ঞেস করুন, আজকের মতো এ রকম পারফরম্যান্স ওরাও দেখাতে পারেনি।’ রয়টার্স।