প্রাণের ক্লাবে জিদানের সৌরভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিনেদিন জিদান
জিনেদিন জিদান

ফ্রান্সের তিনটি জিনিস নাকি খুবই ভালো। অনেকের চোখে বিশ্বে সবচেয়ে ভালো। সুগন্ধি, আইফেল টাওয়ার, আর জিনেদিন জিদান।
সুগন্ধি আর আইফেল টাওয়ার নিয়ে দ্বিমত থাকতে পারে, কিন্তু জিদানের ব্যাপারে? প্রশ্নই ওঠার কথাই নয়। খেলোয়াড় হিসেবে তিনি সর্বকালের সেরাদের একজন। এখনো যা ফিটনেস, তাতে ফ্রেঞ্চ কিংবদন্তি অনায়াসে ম্যাচে নেমে কাঁধের ওপর থেকে ভলি করে দলকে জেতাতে পারবেন। কোচ হয়েও জিদান লিখে চলেছেন কিংবদন্তির গল্প। প্রথম কোনো মূল দলের দায়িত্ব নিয়েছেন ছয় মাসও হয়নি, রিয়াল মাদ্রিদকে জিতিয়ে আনলেন চ্যাম্পিয়নস লিগ!
গত জানুয়ারিতে দিগ্ভ্রান্ত পথিকের মতো চলতে থাকা রিয়াল পরশু মিলানে জিতল একাদশ চ্যাম্পিয়নস লিগ। মাঠে রোনালদোরা খেলেছেন, কিন্তু তাঁদের সাফল্যের নেপথ্য কারিগর তো জিদানই। কৃতিত্বটা নিজের করে নিতে তাঁর অবশ্য ঘোর আপত্তি, ‘দুর্দান্ত একটা দল আছে আমাদের, অসাধারণ প্রতিভাবান সব খেলোয়াড়। আজ যা অর্জন, সেটি সবাই মিলেই করেছি।’
খেলোয়াড় থাকার সময়ে দুর্দান্ত সাইড ভলিতে রিয়ালকে ২০০২ চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছিলেন, ২০১৪-তে ‘লা ডেসিমা’ জয়ে ছিলেন সহকারী কোচ, এবার হলো চক্রপূরণ। চিত্রনাট্যটা এমন হওয়ারই কথা ছিল। রিয়ালের সঙ্গে যে জিদানের আত্মার সম্পর্ক। নিজেই বলছিলেন, ‘এই অনন্য ক্লাবটির অংশ হতে পেরে আমি গর্বিত। এটা আমার প্রাণের ক্লাব, আজ আমার যা অর্জন সব এই ক্লাবের কারণে।’
রূপকথার মতো এমন অর্জন জিদান বলেই বেশ মানিয়ে যাচ্ছে। রিয়ালে এখন ফরাসি সৌরভ ছড়ানোর অপেক্ষায় ‘জিজু’। এএফপি।