প্রাথমিক দলে এনামুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পারফরম্যান্স দিয়েই জাতীয় দলে ফেরার জোর দাবি জানিয়েছিলেন। এবারের লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ ৭টি গোল মুক্তিযোদ্ধার স্ট্রাইকার এনামুল হকের। এনামুল জাতীয় দলে সুযোগ পেতে পারেন—এমন আভাস আগেই দিয়ে রেখেছিলেন প্রধান কোচ লোডভিক ডি ক্রুইফ। সিঙ্গাপুর ও আফগানিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ এবং এশিয়ান কাপ ও বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুটি ম্যাচের জন্য কাল ঘোষিত ৩২ সদস্যের প্রাথমিক দলে অনুমিতভাবেই আছেন এনামুল। যিনি সর্বশেষ জাতীয় দলে খেলেছিলেন ২০১০ ডিসেম্বরে, গুয়াংজু এশিয়ান গেমসে।
প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন দুই গোলরক্ষক মোহামেডানের আশরাফুল ইসলাম ও বিজেএমসির মোহাম্মদ নাঈম। বাংলাদেশ সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে গত ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধু গোল্ডকাপে। ওই টুর্নামেন্টের বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন দুই ফরোয়ার্ড শেখ জামালের সাখাওয়াত রনি ও শেখ রাসেলের মিঠুন চৌধুরী। লিগে ৯ ম্যাচের মধ্যে মাত্র ৩টিতে খেলেছেন রনি, কোনো গোল পাননি। মিঠুন শেখ রাসেলের হয়ে ৮ ম্যাচের ৭টিতে খেললেও তাঁরও কোনো গোল নেই। তার পরও বাদ পড়বেন বলে ভাবেননি, ‘খুবই খারাপ লাগছে। তবে এটা তো মাত্র দুই ম্যাচের দল। লিগের দ্বিতীয় পর্বে আরও ভালো খেলে অবশ্যই দলে ফেরার চেষ্টা করব।’ শেখ জামালের রিজার্ভ বেঞ্চে বসেই বেশি সময় কাটানো তকলিচ প্রাথমিক দলে ডাক পাওয়ায় অবাক হয়েছেন অনেকেই। ৯ ম্যাচের মাত্র দুটিতে খেলেছেন, তা-ও বদলি হিসেবে! নিজে বাদ পড়ায় হতাশার কথা জানানোর সঙ্গে মিঠুন তাই তকলিচের সুযোগ পাওয়া নিয়ে বিস্ময়টা গোপন করতে পারলেন না, ‘প্রাথমিক দলে আমার নাম নেই, শুনে একটু তো খারাপ লাগছেই। অবাক হয়েছি যে, আমি নিয়মিত খেলেও সুযোগ পেলাম না, অথচ তকলিচ বেঞ্চে বসেও ডাক পেয়েছে!’
বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ৩০ মে সিঙ্গাপুর এবং ২ জুন আফগানিস্তানের সঙ্গে খেলবে বাংলাদেশ। আগামী ১১ ও ১৬ জুন বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুটি ম্যাচের প্রতিপক্ষ কিরগিজস্তান ও তাজিকিস্তান। ডাক পাওয়া খেলোয়াড়দের ১৭ মে বাফুফে ভবনে ম্যানেজার আমিরুল ইসলামের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে। ওই দিন থেকেই ক্যাম্প শুরু।
প্রাথমিক দল
হিমেল, লিটন, শহীদুল, নাঈম, আশরাফুল, রায়হান, তপু, নাসির সিনিয়র, ইয়াসিন, মুন্না, রেজাউল, কেষ্ট, লিঙ্কন, নাসির জুনিয়র, জামাল, রাজু, রিয়াসাত, হেমন্ত, মামুনুল, শাহেদুল, ইমন, সোহেল রানা, জাহিদ, জুয়েল, কোমল, ওয়াহেদ, সজীব, তকলিচ, রুবেল, তৌহিদুল, এনামুল ও এমিলি।