এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফের জন্য ঢাকায় নেপালের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু বাফুফে সেই পরিকল্পনা আপাতত বাতিল করে দিয়েছে।
বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ কাল জানিয়েছেন, ‘সবকিছু চিন্তাভাবনা করেই প্রস্তুতি ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ। আসলে নেপালই ঢাকায় এসে আমাদের সঙ্গে দুটি ম্যাচ খেলতে চেয়েছিল। একটা খসড়া তারিখও ঠিক হয়েছিল। কিন্তু জাতীয় দল কমিটি ম্যাচ দুটি আয়োজনে আগ্রহী নয়। কমিটি মনে করে, ঈদের লম্বা ছুটি শেষে মাত্র ৩-৪ দিনের প্রস্তুতি নিয়ে এই দুটি ম্যাচ খেলে দলের জন্য খুব ভালো কিছু হবে না। বরং ভুটানের সঙ্গে প্লে-অফের আগে এই ম্যাচ আয়োজন করা যেতে পারে।’
আগামী ৬ সেপ্টেম্বর ও ১১ অক্টোবর ভুটানের সঙ্গে ওই ম্যাচ দুটির জন্য কাল বাফুফে ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। দলে ডাক পেয়েছেন তিন নতুন মুখ জাফর ইকবাল, মোহাম্মদ আবদুল্লাহ ও কায়সার রাব্বী। একই সঙ্গে জাতীয় দলে ফিরেছেন প্রাণতোষ দাস, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জাহিদ হোসেন ও তৌহিদুল আলম। সর্বশেষ তাজিকিস্তানের বিপক্ষে খেলা ডি ক্রুইফের দল থেকে বাদ পড়েছেন নাসিরুল ইসলাম ও ফয়সাল মাহমুদ।
তিন নতুন মুখের দুজন এবারের ফেডারেশন কাপ রানার্সআপ আরামবাগের উইঙ্গার জাফর ইকবাল ও মিডফিল্ডার আবদুল্লাহ। সেমিফাইনালে বিজেএমসির বিপক্ষে দুর্দান্ত একটি গোল করেই নজর কাড়েন জাফর। আরেক উইঙ্গার কায়সার রাব্বী খেলেন ব্রাদার্সে। প্রায় তিন বছর পর আবারও জাতীয় দলের ক্যাম্পে ফিরেছেন প্রাণতোষ। সর্বশেষ ২০১৩ সালে এএফসি চ্যালেঞ্জ কাপে খেলে চোটে পড়েছিলেন আবাহনীর এই মিডফিল্ডার। প্রাণতোষেরই ক্লাব-সতীর্থ হেমন্ত চোটের কারণেই মাঠের বাইরে ছিলেন প্রায় পাঁচ মাস। ফিট হওয়ার পরও এবার ফেডারেশন কাপজয়ী আবাহনী দলে এই মিডফিল্ডারকে খেলানোর ঝুঁকি নেননি কোচ জর্জ কোটান।
২৪ জুলাই শুরু এই মৌসুমের প্রিমিয়ার লিগ। এর আগে সপ্তাহ খানেকের জন্য হবে জাতীয় দলের ক্যাম্প। দলের দায়িত্ব নিতে আগামীকাল ঢাকায় আসছেন নতুন কোচ টম সেন্টফিট। সকালে এসে বিকেলেই অনুশীলন শুরু করবেন এই বেলজিয়ান।
প্রাথমিক দল
লিটন, হিমেল, সোহেল, আশরাফুল, নাসির উদ্দিন, তপু, ইয়ামিন মুন্না, মামুন মিয়া, শাকিল, আরিফুল, রেজাউল, প্রাণতোষ, ওয়ালী ফয়সাল, জামাল ভূঁইয়া, রায়হান, মামুনুল, সোহেল রানা, মোনায়েম রাজু, বড় শাহেদ, ছোট শাহেদ, মাসুক মিয়া, হেমন্ত ভিনসেন্ট, ইমন বাবু, জাফর ইকবাল, কায়সার রাব্বী, তৌহিদুল আলম, জুয়েল রানা, রুবেল মিয়া, আবদুল্লাহ, জাহিদ, নাবিব নেওয়াজ ও রাশেদ তূর্য।