প্রাপ্য খেলোয়াড়কেই দ্য বেস্ট পুরস্কার দিল ফিফা
ফিফা দ্য বেস্ট—এবার পুরস্কারটা কে পাবেন, তা অনেকটা জানাই ছিল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিক ঘোষণা দেওয়াটাই। আজ সেই ঘোষণাও এসে গেল। জুরিখে ভার্চ্যুয়াল এক অনুষ্ঠানে অনলাইনে এবারের ফিফা বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। পুরস্কারটা পেয়েছেন বায়ার্ন মিউনিখের পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কি।
গত মৌসুম শেষ হতে না হতেই ফুটবল অঙ্গনে সবাই বলাবলি করছিল, এবারের ব্যালন ডি’অর আর ফিফা দ্য বেস্ট পুরস্কার পাবেন লেভাই। কিন্তু করোনাভাইরাস মহামারির কারণে ফ্রান্স ফুটবল সাময়িকী ৬৪ বছরের মধ্যে এবারই প্রথম ব্যালন ডি’অর পুরস্কার না দেওয়ার ঘোষণা দেয়। লেভা এবং তাঁর ভক্তদের এতে বেশ মন খারাপ হয়েছিল। ফিফা তাদের বর্ষসেরা পুরস্কারটি দেওয়ায় সে আক্ষেপ কিছুটা হলেও ঘোচার কথা পোলিশ স্ট্রাইকারের।
বায়ার্ন মিউনিখকে গত মৌসুমে ইউরোপিয়ান ও ঘরোয়া ট্রেবল জেতাতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন লেভাই। দলকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর পথে করেছেন ১৫ গোল। আর বুন্দেসলিগায় তাঁর গোলসংখ্যা ৩৪।
এবার ফিফা দ্য বেস্ট পুরস্কারে লেভা পেছনে ফেলেছেন সময়ের অন্যতম সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। এ বছরের আগে মেসি সর্বোচ্চ ছয়টি ব্যালন ডি’অর জিতেছেন। রোনালদো জিতেছেন পাঁচটি। তবে গত মৌসুমে লেভানডফস্কির পারফরম্যান্সের কাছে ম্লান ছিলেন দুজনই।
সেরা তিনে না থাকলেও ফিফার দেওয়া প্রাথমিক সংক্ষিপ্ত তালিকায় মেসি, রোনালদো ও লেভার সঙ্গে ছিলেন পিএসজির ফরোয়ার্ড–জুটি নেইমার ও কিলিয়ান এমবাপ্পে। পিএসজিকে ফাইনালে তোলার পরও সেরা তিনে না থাকায় ফিফার সমালোচনা করেছিলেন নেইমার ও নেইমারের বাবা।
যাহোক, এসব সমালোচনা পেছনে রেখেই বাংলাদেশ সময় আজ রাত ১২টায় শুরু হয় ফিফা দ্য বেস্টের ভার্চ্যুয়াল অনুষ্ঠান। ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যোগ দিতে পারেননি ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। তবে বিশ্বজোড়া ফুটবলপ্রেমীদের উদ্দেশে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। যেখানে তিনি করোনার কারণে ফুটবলের সমস্যার কথা বলেন। এ সমস্যা ভবিষ্যতে কাটিয়ে উঠবে বলেও আশা করেন ইনফান্তিনো। ফিফা সভাপতি তাঁর বার্তায় বলেন ডিয়েগো ম্যারাডোনা আর পাওলো রসিকে হারানোর কষ্টের কথাও।
কষ্ট আর হতাশার কথা শেষ করে তিনি বলেন, আজকের রাতটি ফুটবল বিশ্বের জন্য আনন্দেরও। কারণ আজ ঘোষণা করা হচ্ছে ফিফা বর্ষসেরার নাম। করোনা অনেক কিছুই এলোমেলো করে দিয়েছে। করোনার কারণেই এবারের ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানটি হচ্ছে ভার্চ্যুয়াল। সেই অনুষ্ঠানে তাই অভিনন্দন জানানো হয়েছে করোনা মহামারির এই সময়ে ইংল্যান্ডে শিশুদের স্কুলে মিড–ডে মিল নিয়ে ‘লড়াই’ করা ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ ফুটবলার মার্কাস রাশফোর্ড।
রুদ খুলিত ও রেশমিন চৌধুরীর উপস্থাপনায় এগিয়ে চলা অনুষ্ঠানে এরপরই শুরু হয় পুরস্কার ঘোষণা। যার শুরু হয় মেয়েদের বর্ষসেরা গোলকিপার দিয়ে। কিন্তু সবার আকর্ষণ ছিল, কখন ঘোষণা করা হবে কাঙ্ক্ষিত সেই নাম—ছেলেদের ফিফা বর্ষসেরা পুরস্কারজয়ী! সেই ক্ষণটি আসে সবার শেষে। লেভার নাম ঘোষণা করেন ইনফান্তিনো।
এ ছাড়া বর্ষসেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন বায়ার্নের জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যার। বর্ষসেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ডটি গেছে টটেনহামের দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউন মিংয়ের অধিকারে। বর্ষসেরা কোচ অনুমিতভাবেই হয়েছেন লিভারপুলের জার্মান কোচ ইয়ুর্গেন ক্লপ।
ছেলেদের বর্ষসেরা পুরস্কার ঘোষণার আগে স্মরণ করা হয় সদ্য প্রয়াত কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনাকে। বড় পর্দায় দেখানো হয় তাঁর খেলোয়াড়ি জীবনের নানা কীর্তি। একইভাবে স্মরণ করা হয়েছে ইতালির ১৯৮২ বিশ্বকাপ জয়ী দলের তারকা পাওলো রসিকেও।