প্রার্থী থাকছেন প্লাতিনি
ফুটবল-বিশ্বে এখন দুটি প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। সেপ ব্ল্যাটার কি ফেব্রুয়ারি পর্যন্ত সভাপতির দায়িত্বে থাকতে পারবেন? মিশেল প্লাতিনি কি পারবেন সভাপতি নির্বাচনে প্রার্থী হতে? ব্ল্যাটার এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, নিজ থেকে অন্তত সরে দাঁড়াচ্ছেন না। পরশু প্লাতিনিও বলে দিলেন, সভাপতি পদে প্রার্থিতা প্রত্যাহার করার কোনো ইচ্ছাই তাঁর নেই।
সুইস তদন্ত কর্মকর্তাদের কাঠগড়ায় অবশ্য এখন পর্যন্ত ব্ল্যাটার আছেন, প্লাতিনি নেই। তবে ফিফা নৈতিকতাবিষয়ক কমিটি দুজনের বিরুদ্ধেই তদন্তের ঘোষণা দিয়েছে। ১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত ফিফার একটি প্রকল্পের জন্য প্লাতিনিকে ২০ লাখ ডলার দিয়েছিলেন ব্ল্যাটার। অভিযোগ এসেছে, এই লেনদেনে ফিফার স্বার্থ রক্ষা হয়নি। প্লাতিনি অবশ্য অভিযোগটা আগেই অস্বীকার করেছেন। কিন্তু ওই কাজের নয় বছর পর কেন অর্থ পেয়েছেন, সেটির ব্যাখ্যা আগে দেননি। পরশু সেটাও খোলাসা করে বললেন উয়েফা সভাপতি।
প্লাতিনির ব্যাখ্যা, ‘সেপ ব্ল্যাটার আমাকে ফিফার বিশেষ পরামর্শক হিসেবে একটা পদে নিয়োগ দিয়েছিলেন। আমার কাজ ছিল ফুটবলের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা, বিশেষ করে আন্তর্জাতিক ক্যালেন্ডার। ওটা ছিল পূর্ণকালীন একটা কাজ। আর সুইস কর্তৃপক্ষকে যেমন বলেছি, আমি ১৯৯৮ থেকে ২০০২ পর্যন্ত সেই বেতনের পুরো অর্থ পাইনি। ফিফা আমাকে তখন বলেছিল, তারা আমাকে পুরো টাকাটা দিতে পারছে না।’
ফ্রেঞ্চ কিংবদন্তির দাবি, পুরো ব্যাপারটিতে কোনো অনিয়ম হয়নি। নিজের প্রার্থিতা প্রত্যাহারেরও তাই কোনো কারণ দেখছেন না, ‘আমি একদমই শান্ত আছি। আমার তো উদ্বেগের কোনো কারণ নেই। নিজের সততা নিয়েও আমার কোনো সন্দেহ নেই। আমি কোনো অন্যায় করিনি। সে জন্যই আমি সবাইকে এই ব্যাপারে সহযোগিতা করছি।’ নিজের বিরুদ্ধে বরং ষড়যন্ত্রের গন্ধ খুঁজে পাচ্ছেন প্লাতিনি, ‘আমি অনেক আগ থেকেই জানি আমাকে আক্রমণের লক্ষ্যবস্তু করা হয়েছে। আমি জানি, ফিফা নির্বাচনের আগ পর্যন্ত এমন আক্রমণ চলতেই থাকবে।’ এএফপি।