প্রার্থী হচ্ছেন প্লাতিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশেল প্লাতিনি: চোখে তাঁর স্বপ্ন
মিশেল প্লাতিনি: চোখে তাঁর স্বপ্ন

গুঞ্জনটা যে মিথ্যা ছিল না, সেটিকে সত্যি প্রমাণ করেই ফিফা সভাপতি পদে প্রার্থী হচ্ছেন মিশেল প্লাতিনি। ফরাসি ফুটবল কিংবদন্তি ও উয়েফার সভাপতি কাল নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়ে চিঠি দিয়েছেন ফিফার ২০৯টি সদস্যদেশের ফেডারেশনকে।
উয়েফার ওয়েবসাইটে প্রকাশিত সেই চিঠিতে প্লাতিনি লিখেছেন, ‘এটি খুবই ব্যক্তিগত ও সতর্কতার সঙ্গে বিবেচনা করে নেওয়া সিদ্ধান্ত, যেটি নেওয়ার আগে আমি ফুটবলের ভবিষ্যতের সঙ্গে আমার নিজের ভবিষ্যৎ নিয়েও চিন্তা করেছি। জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন নিয়তিকে নিজের হাতে নিতে হয়। আমি সে রকমই এক মুহূর্তে আছি, আমার জীবনের এক সন্ধিক্ষণে। আমি এমন এক ঘটনার সামনে যেটা ফিফার ভবিষ্যৎ ঠিক করে দেবে।’
ফিফা সভাপতি পদে প্রার্থী হওয়ার জন্য যাঁরা তাঁকে উৎসাহ দিয়েছেন, সবাইকে ধন্যবাদও দিয়েছেন প্লাতিনি, ‘আপনাদের আস্থা, সমর্থন ও সাহস আমাকে পথ দেখিয়েছে।’ ফুটবলের স্বার্থে অক্লান্তভাবে কাজ করে যাওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন ৬০ বছর বয়সী উয়েফা সভাপতি।
ফিফার প্রশাসনে যে একটা পরিবর্তন দরকার হয়ে পড়েছিল, সেটাও স্পষ্ট প্লাতিনির কথায়, ‘গত অর্ধশতাব্দীতে ফিফায় মাত্র দুজন সভাপতি ছিলেন। এই সময়ে সারা বিশ্বে যে আমূল পরিবর্তন এবং ফুটবলে যে অর্থনৈতিক বিবর্তন, তার তুলনায় এটা এক অদ্ভুত বৈপরীত্য। যা-ই হোক, সাম্প্রতিক ঘটনাবলি ফুটবলের সর্বোচ্চ সংস্থাটিকে বাধ্য করেছে এক নতুন অধ্যায় শুরু করতে এবং এর প্রশাসন নিয়ে নতুন করে ভাবতে।’
দুর্নীতির অভিযোগের জের ধরে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের পদত্যাগের ঘোষণার পর থেকেই জল্পনা-কল্পনা চলছে, কে হবেন ফিফার পরবর্তী সভাপতি। প্লাতিনির ঘোষণার পর সেটা এখন অনেকটাই পরিষ্কার। যদিও ব্রাজিল কিংবদন্তি জিকো, দক্ষিণ কোরিয়ার চুং মুং-জুনও এরই মধ্যে সভাপতি পদে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করেছেন। তবে এ ক্ষেত্রেও একটা গুঞ্জন আছে, আফ্রিকা ও ওশেনিয়া অঞ্চল ছাড়া বাকি চার মহাদেশেরই সমর্থন প্লাতিনির দিকে। সর্বশেষ নির্বাচনে ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী ছিলেন জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইন। তিনি অবশ্য নতুন নির্বাচনে প্রার্থিতার ঘোষণা এখনো দেননি। তবে প্লাতিনিকে যে সমর্থন করছেন না সেটা পরিষ্কার করে দিয়েছেন কালই, ‘প্লাতিনি ফিফার জন্য ভালো নন। ফুটবল সমর্থক ও খেলোয়াড়েরা তাঁর চেয়ে ভালো কাউকে পাওয়ার দাবিদার।’
এরই মধ্যে ফিফা আগামী ২৬ ফেব্রুয়ারি সভাপতি পদে নতুন নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছে। নির্বাচিত নতুন সভাপতি দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত অবশ্য ব্ল্যাটারই দায়িত্ব পালন করবেন।
ফিফার ২০৯টি সদস্যদেশের মধ্যে অন্তত ৫টি দেশের সমর্থনসহ প্রার্থিতা ঘোষণার শেষ তারিখ আগামী ২৬ অক্টোবর। অবশ্য কোনো প্রার্থী ফিফার নৈতিক কমিটির ছাড়পত্র পেলেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। এএফপি, রয়টার্স।