প্রায় এক শতাব্দীর অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিলির ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। পরশু সান্তিয়াগোতে কোপা আমেরিকার ট্রফিটা নিয়ে তাই আনন্দে গোলবারের ওপরেই উঠে গেলেন ভার্গাস-হারা-মেডেলরা l এএফপি
চিলির ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। পরশু সান্তিয়াগোতে কোপা আমেরিকার ট্রফিটা নিয়ে তাই আনন্দে গোলবারের ওপরেই উঠে গেলেন ভার্গাস-হারা-মেডেলরা l এএফপি

নেলসন অ্যাকস্তা পারেননি, পারেননি এমনকি মার্সেলো বিয়েলসা নামে সেই খ্যাপাটে লোকটাও। চিলির ফুটবল ইতিহাসে সবচেয়ে বড় সাফল্যের কারিগর শেষ পর্যন্ত হোর্হে সামপাওলি। বৈশ্বিক আসরে তো নয়ই, নিজ মহাদেশেও এর আগে কখনো সেরা হতে পারেনি চিলি। ৯৯ বছরের সেই আক্ষেপ ঘুচিয়ে সামপাওলি চিলিকে এনে দিলেন দেশটির ফুটবল ইতিহাসের প্রথম বড় শিরোপা। খুশিতে তো তাঁর ওড়ারই কথা এখন। অথচ আর্জেন্টাইন এই কোচের পা মাটিতে। নিজ মহাদেশের শ্রেষ্ঠত্বই তো শুধু এসেছে, বৈশ্বিক আসরের চ্যালেঞ্জ যে রয়ে গেছে এখনো।
অপেক্ষাটা এত দীর্ঘ সময়ের বলেই পরশু কোপা আমেরিকার ট্রফি জেতার পর চিলিয়ান খেলোয়াড়দের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশও হলো দেখার মতো। সান্তিয়াগো স্টেডিয়ামের আকাশ আলো করে বাজির ফোয়ারা ছুটল, ভালদিভিয়া-ভার্গাস-মেডেলরা নাচতে নাচতে গোলবারের ওপরে উঠে গেলেন! সান্তিয়াগোর রাস্তায় তো পরশু রাতভরই উৎসব চলেছে। ছাদখোলা বাসে ট্রফি নিয়ে শহর চক্কর দিয়েছেন খেলোয়াড়েরা। তারপর সেই ট্রফি নিয়েই গেছেন লা মোনেদায়, চিলির প্রেসিডেন্ট মিশেল ব্যাচেলের অভিনন্দন গ্রহণ করতে।
উচ্ছ্বসিত কোচ হোর্হে সামপাওলিও। ম্যাচ শেষেই বলেছেন, ‘আমার খেলোয়াড়দের সঙ্গে এ মুহূর্তটা উপভোগ করতে চাই। আমাকে এই গর্বের অংশীদার হওয়ার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ দিতে চাই খেলোয়াড়দের। চিলির এই প্রজন্মের খেলোয়াড়েরা দেশটির ফুটবল ইতিহাসে সেরা।’
ভিদাল-ভালদিভিয়া-ভার্গাস-ব্রাভোদের এই প্রজন্মকে অবশেষে সাফল্যের মুখ দেখানোর কৃতিত্বটা সামপাওলির হলেও এই খেলোয়াড়দের গড়ে তোলার কৃতিত্ব অনেকটাই পাবেন তাঁর পূর্বসূরি মার্সেলো বিয়েলসা। চিলিয়ানদের ফুটবল দেখার চোখ আর ফুটবল-দর্শনই বদলে গিয়েছিল তাঁর ছোঁয়াতে। কাঠখোট্টা ফুটবল থেকে চিলির খেলায় যে আক্রমণের সৌন্দর্য, সেটা এসেছিল আর্জেন্টাইন ওই কোচের হাত ধরে। বিয়েলসার দর্শন থেকে সরে আসেননি সামপাওলি। সঙ্গে বাড়তি এনে দিয়েছেন সাফল্য। তবে সৌন্দর্য আর সাফল্যের এই মেলবন্ধনের পরও আত্মতুষ্টি নেই ৫৫ বছর বয়সী এই আর্জেন্টাইন কোচের, ‘যখন আপনি এত দারুণ কিছু জিতবেন, সবাই অনেক বড় বড় স্বপ্ন দেখতে শুরু করবে। কিন্তু মনে রাখতে হবে আমাদের সামনে ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্ব। আর সেখানে এই জয়ের কোনো প্রভাব পড়বে না।’
সেই বিশ্বকাপ বাছাই সামনে রেখে এখন থেকেই বাস্তববাদী সামপাওলি, ‘এই কোপা আমেরিকাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সবাই কতটা এগিয়েছে। বাছাইপর্বে কিন্তু আপনি পুরোপুরি ঘরের মাঠের এই সুবিধা পাবেন না। কঠিন অনেক দলের বিপক্ষে খেলতে হবে তাদের মাঠে গিয়েই।’ এএফপি, রয়টার্স।