প্রিন্স আলীর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেপ ব্ল্যাটার বিদায় নিয়েছেন। নেই মিশেল প্লাতিনিও। শীর্ষ কর্তাদের আরও অনেকেই নেই। কিন্তু ফিফা থেকে কলঙ্ক বোধ হয় এত সহজে মুছবে না। সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন, এখনই সেটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠে গেছে। অন্যতম প্রার্থী প্রিন্স আলী বিন আল হুসেইন এরই মধ্যে নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন।
গত শুক্রবারেই আফ্রিকান ফুটবল কনফেডারেশনের সঙ্গে একটা চুক্তি করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। দুই মহাদেশের ফুটবলের উন্নয়নে সেখানে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন ও অন্যান্য উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কিন্তু প্রিন্স আলীর অভিযোগ, নির্বাচনের ঠিক আগে এ রকম চুক্তি ভোটাভুটিকে প্রভাবিত করার সুপরিকল্পিত চক্রান্ত। এক বিবৃতিতে নিজের উদ্বেগের কথাও জানিয়েছেন, ‘ফিফার সভাপতি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে বলে আমি আশঙ্কা করছি। এরই মধ্যে আমি ফিফার অ্যাডহক কমিটিকে আমার উদ্বেগের কথা জানিয়ে ব্যাপারটা খতিয়ে দেওয়ার অনুরোধ করেছি। আমি সব সময়ই আঞ্চলিক সমঝোতার পক্ষে। কিন্তু এএফসি ও সিএএফের মধ্যে চুক্তিটা এমন একসময়ে হলো, মনে হচ্ছে ভোটে কারচুপির চেষ্টা চলছে।’
জর্ডানের প্রিন্স আলী আগের নির্বাচনেই প্রার্থী হয়েছিলেন। ব্ল্যাটারের সঙ্গে একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে সমর্থনও পেয়েছিলেন, বিশেষ করে ইউরোপের। এশিয়ার ভোট অবশ্য তখন পাননি, সেগুলো গিয়েছিল ব্ল্যাটারের বাক্সেই। এবার এএফসি সভাপতি বাহরাইনের শেখ সালমান বিন আল ইব্রাহিম আল খলিফা নিজেই প্রার্থী। স্বাভাবিকভাবেই এই সময় এমন চুক্তি নিয়ে প্রশ্ন উঠবেই।
আফ্রিকা থেকে প্রার্থী হয়েছেন দক্ষিণ আফ্রিকার টোকিও সেক্সওয়েল। কিন্তু শেষ পর্যন্ত সিএএফের সমর্থন কার দিকে যাবে, এখনো পরিষ্কার নয়। সিএএফের মহাসচিব হিশাম এল আমরানি জানিয়েছেন, কনফেডারেশনের সমর্থন কোন প্রার্থীর পক্ষে সেটি ৫ ফেব্রুয়ারি জানানো হবে।
প্রিন্স আলী উদ্বিগ্ন কেন হবেন না? সবচেয়ে বেশি ভোট যে আফ্রিকাতেই, ৫৪টি। এশিয়ার (৪৬) ভোটও কম নয়। শেখ সালমান এই দুই মহাদেশের সমর্থন নিশ্চিত করতে পারলে অনেক দূরই এগিয়ে যাবেন। এএফসি।