প্রিমিয়ার লিগ স্থগিতের খেলা চলছেই

আবারও স্থগিত হয়ে গেল প্রিমিয়ার লিগের খেলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও স্থগিত করা হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। প্রিমিয়ার লিগ নিয়ে যেন রীতিমতো তামাশায় মেতে উঠেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

আজ বিকেল চারটায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের দুটি ম্যাচ হওয়ার কথা ছিল। একটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে, অন্যটি কমলাপুর স্টেডিয়ামে। বঙ্গবন্ধু স্টেডিয়ামের উদ্দেশে রওনাও হয়ে গিয়েছিল পুরান ঢাকার রহমতগঞ্জ এমএফএস আর গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন। কিন্তু প্রিমিয়ার লিগ স্থগিত হওয়ার খবর মাঝপথে পাওয়ার পর তারা আবার ফিরে এসেছে। বাফুফে এক বিবৃতিতে জানিয়েছে, লিগের বাকি খেলাগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

করোনার কারণে চলমান বিধিনিষেধের মধ্যে এ নিয়ে তৃতীয়বারের মতো লিগ স্থগিত হলো। ১ জুলাই বিধিনিষেধ শুরু হওয়ার মধ্যে প্রথম দিন খেলা চালিয়ে গভীর রাতে খেলা স্থগিত করেছিল বাফুফে।

করোনার বিধি নিষেধের মধ্যে বারবার স্থগিত করতে হচ্ছে প্রিমিয়ার লিগের খেলা
ফাইল ছবি

ঈদের পর ২৪ জুলাই থেকে আবারও বাফুফে খেলা চালাতে চেয়েছিল বিধিনিষেধের মধ্যেই। ২৩ জুলাই রাতে আবার স্থগিত করে। আজ আবারও বিধিনিষেধের মধ্যে খেলা হবে জানিয়েছিল বাফুফে। ক্লাবগুলো স্টেডিয়ামে যাওয়ার জন্য রওনা হওয়ার পর জানতে পারে খেলা হবে না। অপেশাদারির সর্বোচ্চ নমুনা দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লিগ কমিটি।

আগের দুইবারের ভুল থেকেও শিক্ষা নেয়নি বাফুফে। এবারও আনুষ্ঠানিক অনুমতি না পাওয়ায় খেলা আয়োজন করতে পারছে না তারা। ক্লাবগুলোকে নিয়ে বাফুফে একেবারে হাস্যকর কার্যক্রম শুরু করেছে।