প্রিমিয়ার লিগে আগুয়েরোই প্রথম!

>
- লেস্টারকে ৫-১ গোল হারিয়েছে সিটি।
- আগুয়েরো একাই করেছেন ৪ গোল।
আর্সেনাল-টটেনহাম হটস্পার মুখোমুখি হওয়ার আগে ২২ গোল নিয়ে শীর্ষে ছিলেন হ্যারি কেইন। গোল করে দলকে জেতানোর সঙ্গে নিজের গোলসংখ্যাও ২৩-এ উন্নীত করেন টটেনহাম স্ট্রাইকার। এতে সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে কেইনের সঙ্গে ৬ গোল ব্যবধানে আরও পিছিয়ে পড়েছিলেন সার্জিও আগুয়েরো। এত পিছিয়ে পড়া কি তাঁকে তাতিয়ে দিয়েছে?
লেস্টার সিটির বিপক্ষে শনিবার ম্যানচেস্টার সিটির ৫-১ গোলের জয়ে আগুয়েরো করেছেন একাই ৪ গোল! এটা তাতিয়ে ওঠার প্রতিফলন নয় তো কী? ইংলিশ প্রিমিয়ার লিগে হ্যাটট্রিকসংখ্যায়ও এখন কেইন ও আগুয়েরো সমান (৮)। সামনে শুধু রবি ফাউলার (৯) ও অ্যালান শিয়েরার (১১ হ্যাটট্রিক)। তবে আগুয়েরো একটি জায়গায় ছাপিয়ে গেছেন ইংলিশ প্রিমিয়ার লিগের বাকি সবাইকে—আসরটির ইতিহাসে আগুয়েরোই একমাত্র খেলোয়াড়, যিনি এক ম্যাচে ন্যূনতম চার গোল করলেন তৃতীয়বারের মতো!
২০১৪ সালে টটেনহামের বিপক্ষে সিটির ৪-১ গোলের জয়ে আর্জেন্টাইন স্ট্রাইকারটি একাই করেছিলেন সব কটি গোল। পরের বছর নিউক্যাসলের বিপক্ষে সিটির ৬-১ ব্যবধানের জয়ে আগুয়েরো করেছিলেন ৫ গোল। আর এবার ৪ গোলের দেখা পেলেন লেস্টারের বিপক্ষে। প্রথমার্ধের ৩ মিনিটে রহিম স্টার্লিং এগিয়ে দেওয়ার পর দ্বিতীয়ার্ধে ৪ গোল করেন সিটি স্ট্রাইকার।
২০১১ সালে সিটিতে যোগ দেওয়ার পর এবারই প্রথমবারের মতো ঘরের মাঠে টানা সাত ম্যাচে গোল করলেন আগুয়েরো। সব প্রতিযোগিতা মিলিয়ে এবারসহ টানা পঞ্চম মৌসুম ন্যূনতম ২৫টি করে গোল করলেন তিনি। ৩২ ম্যাচে এ পর্যন্ত তাঁর গোলসংখ্যা ২৮। এর মধ্যে লিগে করেছেন ২১ গোল, অর্থাৎ কেইনের থেকে তিনি পিছিয়ে মাত্র ২ গোল ব্যবধানে। ২৭ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানীয় সিটির হয়ে আগুয়েরোর প্রতিদ্বন্দ্বিতা তো কেবল শুরু হলো!