প্রিমিয়ার লিগে দল বাড়ানোর প্রস্তাব
ঢাকার বাইরে ফুটবল মাঠে ভালোই দর্শক হয়। পেশাদার লিগে খেলার সুযোগ দিলে ঢাকার বাইরের জেলা দলগুলো আরও বেশি আগ্রহী হবে। সেই চিন্তাভাবনা থেকেই এবার ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ঢাকার বাইরের দল বাড়ানোর পরিকল্পনা নিয়েছে জেলা ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএ) মনিটরিং কমিটি।
প্রতিটি বিভাগ থেকে না হোক, আগামী মৌসুমে ঢাকার বাইরের অন্তত আরও দুটি দলকে নেওয়ার জন্য পেশাদার লিগ কমিটির কাছে প্রস্তাব দেওয়া হবে। দল দুটির নির্বাচনপ্রক্রিয়া কী হবে সেটারও একটা প্রাথমিক প্রস্তাবনা দেওয়া হবে। কাল ডিএফএ মনিটরিং কমিটির সভা শেষে এমনটাই জানালেন বাফুফের সদস্য ও কমিটির চেয়ারম্যান শামসুল হক চৌধুরী। পেশাদার লিগ কমিটি আগামী মৌসুমে ১২ দলের প্রিমিয়ার লিগ করতে চায়। এ বছর তাই একটা দল অবনমিত হবে এবং চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠে আসবে দুটি দল। ডিএফএ মনিটরিং কমিটির প্রস্তাব লিগ কমিটি মেনে নিলে দলের সংখ্যা আরও বাড়তে পারে।
কমিটির প্রস্তাব অনুসারে জেলা লিগ চ্যাম্পিয়নদের নিয়ে বিভাগীয় পর্যায়ে হবে নকআউট টুর্নামেন্ট। সেটির সাত সেরা দলকে নিয়ে ঢাকায় চূড়ান্ত পর্ব করে চ্যাম্পিয়ন ও রানার্সআপদের প্রিমিয়ার লিগে নেওয়ার সুপারিশ করা হবে। গত দুই বছর প্রতিটি ডিএফএকে জেলা লিগ আয়োজনের জন্য এক লাখ করে টাকা দিয়েছে বাফুফে। এই টাকা নিয়েও ১৯টি জেলা লিগ করেনি। এ জন্য তাদের কারণ দর্শানোর নোটিশও দিয়েছে বাফুফে।