প্রিমিয়ার লিগে রেকর্ড গড়ে অভিষেক, রাশফোর্ডই জেতালেন ইউনাইটেডকে

স্বপ্ন নাকি বাস্তব? মার্কাস রাশফোর্ড নিজেকে চিমটি কাটছেন না তো? গত একটি সপ্তাহ জুড়ে যা ঘটছে ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারের জীবনে, তা তো স্বপ্নকেও হার মানায়!
তিন দিন আগে প্রথম ইউনাইটেডের জার্সি গায়ে অভিষেক, ইউরোপা লিগে মিটশেলানের বিপক্ষে। ১৮ বছর বয়সী রাশফোর্ড ২ গোল করে রাঙিয়েছিলেন সেই ম্যাচ। আজ আরও বড় মঞ্চ - প্রিমিয়ার লিগে অভিষেক। প্রতিপক্ষ আর্সেনালের শক্তি নিয়ে প্রশ্ন করাই অবান্তর। অথচ একটুও পা কাঁপল না তরুণ ইউনাইটেড স্ট্রাইকারের। মিটশেলান আর আর্সেনালের মধ্যে তফাত ভুলে গিয়ে আবারও দুই গোল! প্রিমিয়ার লিগের ইতিহাসে এর চেয়ে কম বয়সে অভিষেকে দুই গোল কেউ করতে পারেননি।
শুধু গোলই নয়, সঙ্গে ছিল একটি অ্যাসিস্টও। তাঁর দুর্দান্ত নৈপুণ্যে ইউনাইটেডও ম্যাচটা জিতে নিল ৩-২ গোলে।
আরও একবার ওল্ড ট্রাফোর্ডে এসে লিগ ম্যাচে হারল আর্সেন ওয়েঙ্গার। অথচ ম্যাচের আগেই তারাই ছিল ফেবারিট। চোটে ইউনাইটেডের ১৩ জন খেলোয়াড়ই দলের বাইরে। মূল দুই স্ট্রাইকার ওয়েইন রুনি ও অ্যান্থনি মার্শিয়াল নেই। ডিফেন্ডারদের অবস্থাও তাই। এমন ভাঙাচোরা দলের বিপক্ষে ওজিল-জিরু-সানচেজরাই তো ফেবারিট।
কিন্তু এসব ফেবারিট তত্ত্ব মানে না বলেই তো ফুটবলের এত আবেদন। এমন তারকাদের মধ্যেও সবচেয়ে উজ্জ্বল হয়ে জ্বললেন ইউনাইটেডের তরুণ রাশফোর্ডই। প্রিমিয়ার লিগ অভিষেক রাঙাতে সময় নিলেন আধঘণ্টার কম। ২৯ মিনিটে প্রথম গোল। আর্সেনাল বক্সে ভেরেলার ক্রস এসে পড়ল ঠিক পায়ে, সেখান থেকে জালে জড়াতে একটুও ভুল হলো না রাশফোর্ডের। পরের গোলটিও মাত্র তিন মিনিট পর। এবার লিনগার্ডের ক্রস থেকে হেডে। প্রথমার্ধেই অবশ্য একটা গোল ফেরত দেয় আর্সেনাল। ওজিলের ফ্রি কিক থেকে হেড করে গানারদের ম্যাচে ফিরিয়ে আনেন ইউনাইটেড একাডেমিরই সাবেক ছাত্র ড্যানি ওয়েলবেক।
দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটেও আবার রাশফোর্ড চমক। এবার অবশ্য গোল করে নয়, করিয়ে। দুর্দান্ত প্রতি আক্রমণে আর্সেনালের বক্সের বাইরে বল পেলেন। আলতো করে বাড়িয়ে দিলেন এগোতে থাকা মিডফিল্ডার হেরেরার দিকে। অবশ্য স্প্যানিশ মিডফিল্ডারের শট জালে জড়ানোর আগে আর্সেনালের ডিফেন্ডারের গায়ে লেগে গিয়েছিল।
চার মিনিট পরই ওজিলের পায়ে জবাব দিয়েছিল আর্সেনাল। ওয়েলবেকের শট ফিরিয়ে দিয়েছিলেন ইউনাইটেড গোলরক্ষক ডি গেয়া, কিন্তু ফিরতি বলটি আবার জালে জড়িয়ে দেন ওজিল।
এই হারে শিরোপার দৌড়ে একটু পিছিয়েই পড়ল আর্সেন ওয়েঙ্গারের দল। ২৭ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিনে আছে তারা। শীর্ষে থাকা লেস্টার এগিয়ে ৫ পয়েন্টে (৫৬), দুইয়ে থাকা টটেনহামও আজ সোয়ানসি সিটির সঙ্গে ২-১ গোলে জিতে এগিয়ে গেছে ৩ পয়েন্টে (৫৪)। এএফপি, স্টার স্পোর্টস।