প্রিমিয়ার লিগের সর্বকালের সেরা গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবিশ্বাস্য সেই শটটি নেয়ার আগে অ্যাডাম। ছবিঃ এএফপি
অবিশ্বাস্য সেই শটটি নেয়ার আগে অ্যাডাম। ছবিঃ এএফপি

চার্লি অ্যাডাম! একদিন আগেও নামটি ফুটবল বিশ্বের কজনই বা জানত! স্টোক সিটির হয়ে মিডফিল্ড পজিশনে খেলা এই স্কটিশ ফুটবলারই এখন তুমুল আলোচনায়। একটি ম্যাচেই যেন বদলে গেছে অ্যাডামের জগৎ। ডেভিড বেকহাম, ওয়েইন রুনির মতো তারকাদের সঙ্গে তুলনা করা হচ্ছে। এমনকি তাঁর প্রসঙ্গ টানলেই চলে আসছে ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসিদের নাম। শনিবার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির বিপক্ষে করা অ্যাডামের গোলটিই এসবের কারণ। যেই গোলটি এখন প্রিমিয়ার লিগের সর্বকালের সেরা গোলের অন্যতম দাবিদার।

ম্যাচটি অবশ্য ২-১ গোলে জিতে নিয়েছে চেলসিই। ৪৪ মিনিটের মাথায় স্টোক সিটির হয়ে একমাত্র গোলটি করেন অ্যাডাম। ‘দুর্দান্ত’ বিশেষণটাও যেন ঠিক সেই গোলটার প্রতি সুবিচার করে না। নিজেদের অর্ধেই গোল বল পায়ে নিয়ে খুব সাদামাটা ভাবে এগোনো শুরু করেছিলেন। চকিতে দেখলেন চেলসি গোলরক্ষক থিবু কর্তোয়া গোল লাইন থেকে বেশ খানিকটা এগিয়ে এসেছেন। সেটা দেখেই মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নেন একটি ‘জুয়া’ খেলার। নিজেদের অর্ধেই, ৬৫ গজ দূর থেকে জোরালো শটটি নেন অ্যাডাম। গোলরক্ষককে বোকা বানিয়ে বলটি জড়িয়ে যায় জালে। অবিশ্বাস্য সেই গোলটি আটকানোর একটা শেষ চেষ্টা অবশ্য করেছিলেন কর্তোয়া। তবে অ্যাডামের নামের পাশে এমন একটা গোল লেখা হবে-এ যেন নিয়তিই ঠিক করে রেখেছিল।

এমন জাদুকরী গোলটি দেখে অনেকেই এর তুলনা করছেন ১৯৯৬ সালে উইম্বলডনে বেকহামের গোলটির সঙ্গে। সেই গোলটিও তিনি করেছিলেন প্রায় মাঝ মাঠ থেকে। প্রিমিয়ার লিগের ২৩ বছরের ইতিহাসের অন্যতম সেরা গোলগুলোর একটি হিসেবে জায়গা পেয়েছে সেটি। শুধু তা-ই নয়। অ্যাডামের গোলটির সঙ্গে তুলনা হচ্ছে গত মৌসুমে রুনির একটি গোলের সঙ্গেও। ওয়েস্ট হ্যামের বিপক্ষে সেই গোলটিও এসেছিল অনেক দূর থেকে নেওয়া একটি শট থেকে।

তবে সবচেয়ে বড় বাহবাটা অ্যাডাম পেয়েছেন চেলসি কোচ হোসে মরিনহোর কাছ থেকে। গোলটির প্রশংসা করতে গিয়ে তিনি টেনে এনেছেন কিংবদন্তিদের নাম, ‘গোলটা ছিল দুর্দান্ত! সব দুর্দান্ত খেলোয়াড়ই এমন গোলের স্বপ্ন​ দেখে। ডিয়েগো ম্যারাডোনা থেকে শুরু করে লিওনেল মেসি, আজকের সব দুর্দান্ত খেলোয়াড়ই।’ সূত্র: এএফপি

গোলটি দেখুন: