আবেগের মুখোমুখি বার্সা কোচ

মৌসুম শুরুর অনিশ্চয়তা আর দুশ্চিন্তা কাটিয়ে বার্সেলোনা এখন ছন্দোবদ্ধ এক দল। নেপথ্যের কারিগর আরনেস্তো ভেলভার্দে নতুন মৌসুমে এখন পর্যন্ত কোনো আবেগী সিদ্ধান্ত নেননি। কিন্তু আসছে সপ্তাহেই আবেগতাড়িত হতে পারেন তিনি। বার্সার পরবর্তী দুই প্রতিপক্ষ যে অ্যাথলেটিক বিলবাও এবং অলিম্পিয়াকোস।
খেলোয়াড়ি জীবনে প্রায় সাত মৌসুম কাটিয়েছেন বিলবাওতে। ১৭০ ম্যাচ খেলে গোল করেছেন ৪৪টি। কোচিং ক্যারিয়ারের শুরুও এখানেই। ২০০১-০২ মৌসুমে যুব দলকে কোচিং করানোর পাশাপাশি সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। পরের মৌসুমেই মূল কোচের দায়িত্ব পান তিনি। ২০০৫ পর্যন্ত স্যান মামেতেই ছিলেন। ২০১৩-তে আবারও ফিরেছিলেন প্রিয় ক্লাবে। দায়িত্বে ছিলেন ২০১৬-১৭ মৌসুম পর্যন্ত।
২৮ অক্টোবর শনিবার চিরচেনা মাঠে প্রথমবার ‘অতিথি’ হয়ে আসবেন। বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ভেলভার্দে বলেছেন, ‘প্রত্যেকের জীবনেই একটি রেফারেন্স পয়েন্ট থাকে। আমার জন্য সেটা হলো অ্যাথলেটিক। খেলোয়াড় ও কোচ হিসেবে আমি সেখানে খুবই সুখী ছিলাম। এটা সহজ নয়। কারণ, ম্যানেজার হিসেবে আপনাকে সব সময়ই ফলাফল নিয়ে ভাবতে হয়। কিন্তু এরপরও আমি কাজটা উপভোগ করেছিলাম।’
দুই দফা কোচিং করিয়েছেন অলিম্পিয়াকোসেও। ২০০৮-০৯ এক মৌসুমে কাজ করেই সুপারলিগের শিরোপা জিতেছিলেন, কিন্তু টাকার অঙ্কে বনিবনা না হওয়ায় সে মৌসুমেই দায়িত্ব ছাড়েন। পরে ২০১০ থেকে দুই মৌসুম কাজ করেছেন গ্রিসের ক্লাবটিতে। এই সময়ে একটি লিগ শিরোপাসহ ঘরোয়া কাপের শেষ আটে পৌঁছেছিলেন। সাক্ষাৎকারে এ সম্পর্কে তিনি বলেছেন, ‘আমার গ্রিসের মানুষদের অকুণ্ঠ ভালোবাসার কথা মনে আছে। আমি আসলে জানি না তারা কেন ভালোবাসতেন। সেখানকার স্মৃতি আমার জন্য বিশেষ আবেগের। এটা ছিল আমার জীবনের অন্যতম সেরা সিদ্ধান্ত।’
৩১ অক্টোবর চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে গ্রিক ক্লাবটির মুখোমুখি হবে ‘ব্লুগ্রানা’রা। আবেগতাড়িত ভেলভার্দেকে এবার প্রিয় দলকে হারানোর মিশনে নামতে হবে। সূত্র: এফসিবার্সেলোনা ওয়েবসাইট।