প্রিয় শিষ্যের ফর্মে মুগ্ধ জিদান

প্রিয় শিষ্য খুশি করেছেন জিদানকে।ছবি: টুইটার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কো আসেনসিওকে নিয়ে জিনেদিন জিদানের উচ্ছ্বাস আজকের নয়। রিয়াল মায়োর্কার কাছ থেকে আনা এই প্রতিভাবান স্প্যানিশ উইঙ্গারকে প্রথম থেকেই সুনজরে রেখেছেন জিদান। একসময় এতটাই মুগ্ধ হয়েছিলেন, আসেনসিও'র বাঁ পায়ের সঙ্গে লিওনেল মেসির বাঁ পায়ের তুলনা করেছিলেন। সে কথাটা খোদ আসেনসিও-ই জানিয়েছিলেন আবার।

বিভিন্ন চোটে পড়ে প্রতিভাবান এই উইঙ্গারই হারিয়ে যেতে বসেছিলেন। কিছুদিন আগেই দীর্ঘ চোটের সঙ্গে লড়াই করে ফিরেছিলেন। ফিরলেও, আগের সেই বিধ্বংসী আসেনসিওকে দেখা যাচ্ছিল না। সে আসেনসিওর দেখা মিলল গতকাল। সেল্টা ভিগোকে ২-০ গোলে হারানোর ম্যাচে দুর্দান্ত খেলেছেন এই উইঙ্গার। একটা গোল করেছেন, লুকাস ভাসকেজকে দিয়ে আরেকটা গোল করিয়েছেনও। ফলে নতুন বছরটাও দুর্দান্তভাবে শুরু হয়েছে রিয়ালের।

প্রিয় শিষ্যের ফর্মে ফেরা দেখে আবেগ আটকে রাখতে পারেননি জিদানও। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে খোলাখুলিভাবে প্রশংসা করেছেন ২৪ বছর বয়সী এই উইঙ্গারের, আমি আসেনসিও'র জন্য অনেক খুশি। ওর একটা অনেক বড় চোট সমস্যা ছিল। সেটা কাটিয়ে এখন ও প্রতি মুহূর্তে উন্নতি করছে। ওর জন্য অনেক ভালো লাগছে আমার, সবার জন্যই ভালো লাগছে।

চোট কাটিয়ে ধীরে ধীরে ফর্মে ফিরছেন মার্কো আসেনসিও।
ছবি: টুইটার

চোট যেকোনো খেলোয়াড়ের ক্যারিয়ারেরই অবিচ্ছেদ্য অংশ। চাইলেও চোট এড়িয়ে থাকতে পারেন না খেলোয়াড়েরা। সে হিসেবে আসেনসিও'র সঙ্গে চোটের সখ্য যেন একটু বেশিই। গত মৌসুমের শুরুতে হাঁটুর চোটে পড়ে প্রায় বছরখানেক মাঠের বাইরে ছিলেন এই উইঙ্গার। যত দিন বাইরে ছিলেন, আসেনসিওকে নিয়ে সমালোচকদের মুখ বন্ধ ছিল না। সেল্টা ভিগোর বিপক্ষে পারফর্ম করে সেসব সমালোচকদের মুখটা যেন বন্ধ করে দিলেন এই তারকা, ‘মানুষ বোঝে না, চোট থেকে ফিরে আসার প্রক্রিয়াটা কত কষ্টকর। আমি সঠিক প্রক্রিয়াতেই আছি এবং নিজের সেরাটা দেওয়ার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি।’

আসেনসিওর সহায়তা থেকেই রিয়ালের দ্বিতীয় গোলটি লুকাস ভাসকেজের।
ছবি: রয়টার্স

জয় নিয়ে বছরের শুরুতেই নগর-প্রতিদ্বন্দ্বী আতলেতিকোকে হটিয়ে টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। কিন্তু এই শীর্ষে ওঠার মাঝেও একটা 'কিন্তু' আছে। রিয়াল খেলেছে ১৭ ম্যাচ, আতলেতিকো ১৪। হাতে থাকা তিনটা ম্যাচের মধ্যে অন্তত একটা ড্র করলেও আবার শীর্ষে বসবে আতলেতিকো।

রাতের আরেক ম্যাচে ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্ট ব্রমকে ৪-০ গোলে হারিয়েছে আর্সেনাল। জোড়া গোল করেছেন ফরাসি স্ট্রাইকার আলেকসাঁদ্র লাকাজেত। একটি করে গোল করেছেন বুকায়ো সাকা ও কিয়েরান টিয়েরনি।