বোকা জুনিয়র্স ও রিভার প্লেটের প্রতিদ্বন্দ্বিতার ইতিহাস অনেক পুরোনো। সেই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজে একটু শান্তির পরশ বোলাতেই প্রীতি ম্যাচের আয়োজন। কোথায় কী! শনিবারের ওই প্রীতি ম্যাচে ১০ মিনিটেই লাল কার্ড দেখেন বোকার জোনাথন সিলভা। ৭৮ মিনিটের মধ্যেই আরও দুজন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ৮ জনের দলে পরিণত হয় কার্লোস তেভেজের দল। এরপরই ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনার সূত্রপাত। রিভার প্লেটের জোনাথন মাইদানা ঢুস দিয়ে বসলেন তেভেজকে। এ নিয়ে মাঠে বেধে গেল লঙ্কাকাণ্ড। দুই দলের সবাই জড়িয়ে পড়ল মারামারিতে। খেলা আবারও শুরু করার আগে মাঠে দুই দলের কোচ কর্মকর্তাদেরও মাঠে নেমে আসতে হলো। পরিস্থিতি শান্ত হতে হতে রিভারের দুই খেলোয়াড়ও দেখলেন লাল কার্ড। এক প্রীতি ম্যাচে পাঁচ লাল কার্ড! এতে থামলেও চলত, সেদিন হলুদ কার্ড দেখেছেন আরও নয়জন। এমন এক ম্যাচের ফলাফল তো জানতেই হচ্ছে। তেভেজের উপহার দেওয়া পেনাল্টি থেকে ১৯ মিনিটে গোল করেছিলেন লিওনার্দো পিসকুলিচি। লাল কার্ড দেখে পরে মাঠ ছাড়লেও তাঁর ওই গোলেই চিরপ্রতিদ্বন্দ্বীদের মধ্যকার ‘প্রীতি’ ম্যাচ জিতেছে রিভার প্লেট। এএফপি।