প্রীতি ম্যাচে তাঁরা দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিয়াল মাদ্রিদের দুই সতীর্থকে মুখোমুখি দাঁড় করিয়ে দিল জাতীয় দল। পরশু লিসবনে পর্তুগাল-ফ্রান্সের ম্যাচের আগে পরস্পরকে আলিঙ্গনে বাঁধলেন রোনালদো-বেনজেমা l এএফপি
রিয়াল মাদ্রিদের দুই সতীর্থকে মুখোমুখি দাঁড় করিয়ে দিল জাতীয় দল। পরশু লিসবনে পর্তুগাল-ফ্রান্সের ম্যাচের আগে পরস্পরকে আলিঙ্গনে বাঁধলেন রোনালদো-বেনজেমা l এএফপি

হোক না প্রীতি ম্যাচ, কিন্তু সেখানে যখন লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদো খেলেন, সেটা বাড়তি আকর্ষণ যোগ করেই। সেই আকর্ষণেই পরশু সরগরম হয়ে উঠেছিল হিউস্টনের বিবিভিএ কম্পাস স্টেডিয়াম, ভরে গিয়েছিল লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামের গ্যালারিও। কয়েক ঘণ্টা আগে-পরে দেশের জার্সিতে আরও একবার মাঠের নামলেন মেসি-রোনালদো। বাংলাদেশ সময় পরশু রাতে রোনালদোর পর্তুগালের মুখোমুখি হয় ফ্রান্স। এর কয়েক ঘণ্টা পর ভোরের দিকে মেসির আর্জেন্টিনার মুখোমুখি বলিভিয়া। তবে ম্যাচ শেষে হাসতে পারলেন শুধু মেসি। লিসবনে পর্তুগাল ১-০ গোলে হেরে গেছে ফ্রান্সের কাছে। ওদিকে হিউস্টনে মেসি, সার্জিও আগুয়েরো আর এজেকুয়েল লাভেজ্জি তিনজনেরই দুটি করে গোলে আর্জেন্টিনা এগিয়ে যায় ৬-০ গোলে। দলের পক্ষে সপ্তম গোলটি করেন অভিষিক্ত অ্যাঙ্গেল কোরিয়া, আর্জেন্টিনা ৭-০ গোলের লজ্জায় ডোবায় বলিভিয়াকে।
দুটি গোল করলেও মেসি কিন্তু শুরু থেকে খেলেননি। বদলি হিসেবে নেমেছেন ম্যাচের ৬৫ মিনিটে। আর্জেন্টিনা ততক্ষণে আগুয়েরো আর লাভেজ্জির দুই জোড়া গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে গেছে। নামার দুই মিনিটের মধ্যেই মেসির প্রথম গোল, ৭৫ মিনিটে দ্বিতীয়টি। তাঁকে একাদশে না দেখে শুরুতে দর্শকেরা বিমর্ষ হতাশ হয়ে পড়েছিল কিছুটা, মাঠে নামার ১০ মিনিটের মধ্যেই সেই মুখগুলোতে ঝলমলে হাসি। ফল প্রায় নিশ্চিত হয়ে যাওয়ার পরও মেসিকে খেলানোর কারণ হিসেবে দর্শক-চাহিদার কথাই বললেন আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো, ‘দর্শকেরা টিকিট কেটে এসেছে মেসির খেলা দেখবে বলে, ওরা তার নাম ধরে চিৎকার করছিল। আয়োজকেরাও চাইছিলেন সে খেলুক।’
ফুটবল ফেডারেশনে ঝামেলার কারণে এ ম্যাচটা খেলাই কঠিন হয়ে পড়েছিল বলিভিয়ার জন্য। কিন্তু আগেই সূচি চূড়ান্ত হয়ে যাওয়ায় না খেলেও উপায় ছিল না। দুর্নীতির দায়ে বলিভিয়ান ফেডারেশনের সভাপতি বহিষ্কৃত হয়েছেন, নতুন কমিটি মাত্র কয়েক দিন আগে নতুন কোচ নিয়োগ দিয়েছে। এমনকি যুক্তরাষ্ট্র সফরেও দলটি এসেছে ডিফেন্ডার রোনাল্ড রালদেসের কাছ থেকে টাকা ধার নিয়ে। কোনোরকমে গড়া দলটার বিপক্ষে আর্জেন্টিনার বড় জয় তাই প্রত্যাশিতই ছিল। আর্জেন্টিনার কোচ মার্টিনোর একাদশেও সার্জিও রোমেরো, আগুয়েরো আর লাভেজ্জি ছাড়া নিয়মিত মুখ তেমন কেউ ছিলেন না। পরে বদলি নেমেছেন মেসি, কার্লোস তেভেজ ও এভার বানেগারা। তবে দিনের সেরা খেলোয়াড় ছিলেন আগুয়েরোই। নিজে দুটি গোল করা ছাড়াও লাভেজ্জিকে দিয়ে দুটি গোল করিয়েছেন। শুরু থেকেই তাঁকে সামলাতে হিমশিম খেয়েছে বলিভিয়ার রক্ষণভাগ।
ফ্রান্স-পর্তুগাল ম্যাচটা এমন একতরফা হওয়ার কথা নয়, হয়ওনি। বেলজিয়াম ও আলবেনিয়ার কাছে সর্বশেষ দুটি প্রীতি ম্যাচে হেরে একটু তেতেই ছিল ফ্রান্স। দলবদলের চমক ১৯ বছর বয়সী অ্যান্থনি মার্শালকে ৭৫ মিনিটে অভিষেকের সুযোগ দিয়ে উঠে যাওয়ার আগে করিম বেনজেমা একটা ফ্রি-কিক থেকে গোল প্রায় পেয়েই গিয়েছিলেন। দিদিয়ের দেশমের দলটি ৮৫ মিনিটে জয়সূচক গোলটি পেয়েছে দুর্দান্ত এক ফ্রি-কিকেই, গোলদাতা ম্যাথিউ ভালবুয়েনা। ২০০৭ সালে ফারো আইল্যান্ডের বিপক্ষে ফ্রি-কিকে সর্বশেষ গোলের আট বছর পর আবার ফ্রি-কিক থেকে গোল পেল ফ্রান্স। ইউরোর বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে থাকা পর্তুগাল কিছুটা খেই হারিয়ে ফেলে দ্বিতীয়ার্ধে। প্রথম ২৫-৩০ মিনিট রোনালদোকে দুর্দান্ত দেখা গেলেও পরে আর তাঁকে খুঁজে পাওয়া যায়নি। ৬৮ মিনিটে তাঁকে তুলেই নিয়েছেন কোচ। এর আগে একবার ফ্রান্সের গোলে শট নিয়েছিলেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার, দুর্দান্ত সেই ফ্রি-কিকটা ফিরিয়ে দিয়েছেন ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিস। এএফপি, রয়টার্স।
পর্তুগালের বিপক্ষে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকল ফ্রান্স, সর্বশেষ হেরেছিল সেই ১৯৭৫ সালে।
দক্ষিণ আমেরিকান প্রতিপক্ষদের মধ্যে এত দিন শুধু বলিভিয়ার বিপক্ষেই গোল ছিল না মেসির, পরশু সেটাও পেলেন।
ক্লাব ও দেশের হয়ে টানা ৪৩ ম্যাচ পুরো সময় খেলার পর পরশু প্রথম বদলি হিসেবে নামেন মেসি।
এক নজরে ফল
আর্জেন্টিনা ৭ : ০ বলিভিয়া
পর্তুগাল ০ : ১ ফ্রান্স
ভেনেজুয়েলা ০ : ৩ হন্ডুরাস
পানামা ০ : ১ উরুগুয়ে
যুক্তরাষ্ট্র ২ : ১ পেরু
মেক্সিকো ৩ : ৩ ত্রিনিদাদ ও টোবাগো