প্রীতি ম্যাচে সুয়ারেজ
অবশেষে উরুগুয়ে দলে ফিরলেন লুইস সুয়ারেজ। ১০ অক্টোবরে সৌদি আরব এবং তিন দিন বাদে কুয়েতের সঙ্গে প্রীতি ম্যাচের জন্য সুয়ারেজকে ২২ সদস্যের দলে রেখেছেন কোচ অস্কার তাবারেজ।
বিশ্বকাপে ‘কামড় কাণ্ডের’ পর সহসাই উরুগুয়ের জার্সিতে দেখা যাবে সুয়ারেজকে, এটা খানিকটা অপ্রত্যাশিতই ছিল। নিষেধাজ্ঞা যে ছিল চার মাস এবং নয়টি আন্তর্জাতিক ম্যাচের! তবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আবেদন করে অন্তত প্রীতি ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন সুয়ারেজ, আর সে জন্যই মাঠে দেখা যাবে তাঁকে। তাবারেজ প্রিয় ছাত্রকে পেয়ে রীতিমতো পুনর্মিলনীর আমেজে আছেন, ‘আমাদের সুযোগ হয়েছে ওর সঙ্গে মিলিত হওয়ার। ও এমন একজন খেলোয়াড়, যার সঙ্গে আমরা সব সময়ই যোগাযোগ করি, সে খেলুক বা না খেলুক।’ অবশ্য এই পুনর্মিলনীর আমেজ থেকে বঞ্চিত হতে হচ্ছে এডিনসন কাভানিকে। ফিটনেসে ঘাটতি থাকায় তাবারেজ তাঁকে ডাকেননি। এদিকে উরুগুয়ের ফুটবল সংস্থা ২০১৮ রাশিয়া বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন এই অভিজ্ঞ কোচের সঙ্গে। তার মানে উরুগুয়ের কোচ হিসেবে এক যুগ পূর্ণ করবেন তাবারেজ! রয়টার্স।