আজ রাত ১২টায় অস্ট্রিয়ার মুখোমুখি ব্রাজিল দেখা যাবে টেন অ্যাকশনে
প্রীতি ম্যাচের আগে সিলভার ক্ষোভ
ব্যাপারটা মেলাতে পারছিলেন না থিয়াগো সিলভা। তাঁকে সরিয়ে কেন নেইমারকে ব্রাজিলের অধিনায়ক করা হলো, সেটার কোনো ব্যাখ্যাই খুঁজে পাচ্ছিলেন না এই ডিফেন্ডার। সব মিলিয়েই ‘হতাশ’ সিলভা পরশু কোচ দুঙ্গা ও নতুন অধিনায়ক নেইমারের ওপর ক্ষোভ ঝেড়েছিলেন প্রকাশ্যেই। এক দিন পরেই অবশ্য সুর পাল্টে গেছে বিশ্বকাপে ব্রাজিলকে নেতৃত্ব দেওয়া সিলভার। কাল বললেন, নেইমার ও দুঙ্গা দুজনের কারও সঙ্গেই কোনো ঝামেলা নেই তাঁর। পরশু ভুল ব্যাখ্যাই দেওয়া হয়েছে তাঁর কথার।
পরশু অবশ্য অধিনায়কত্ব কেড়ে নেওয়া বা দলে সুযোগ না পাওয়ায় ক্ষোভ দেখাননি সিলভা। চটেছিলেন এসব নিয়ে তাঁর সঙ্গে কোনো আলোচনা না করাতেই, ‘আসলেই, এটা আমি একদমই আশা করিনি। আমি যদি বলি বিরক্ত হইনি, তাহলে মিথ্যা বলা হবে। মনে হচ্ছে যেন কিছু আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। আমি খুবই কষ্ট পেয়েছি। সবচেয়ে অবাক হয়েছি, কেউ আমার সঙ্গে এসব নিয়ে কথাই বলেনি। নেইমারও কিছুই বলেনি আমাকে।’ বিশ্বকাপের পর পাঁচটি ম্যাচ খেলেছে ব্রাজিল, চোটের কারণে প্রথম চার ম্যাচে দলেই ছিলেন না। তুরস্কের ম্যাচে দলে ফিরেছেন, কিন্তু বসে থাকতে হয়েছে সাইড বেঞ্চেই।
কাল অবশ্য অন্য রকম কথাই সিলভার মুখে, ‘আমি নেইমারকে ভাই বলেই ভাবি, একটা বাহুবন্ধনীর কারণে সম্পর্কটা অন্য রকম হতে পারে না।’ কোচ দুঙ্গার সঙ্গেও সামনাসামনি কথা বলেছেন সিলভা।
সিলভার আগের দিনের মন্তব্যে অবাক হয়েছিলেন নেইমারও। সিলভা তাঁকে ফোন করেছিলেন এটা জানিয়েই নেইমার কাল বলেন, ‘আমি তাঁকেসহ সব খেলোয়াড়কেই বলেছি কথা বলার সময় সতর্ক হতে। সে আমাকে ফোন করেছিল, তবে এটা আমাদের বন্ধুত্বে কোনো প্রভাব ফেলবে না।’
আজ অস্ট্রিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ ব্রাজিলের। এএফপি।