প্রীতি ম্যাচের দলে চার নতুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিন আগে ঢাকা থেকে বেলজিয়াম যাওয়ার পথেই জানলেন, বাবা হয়েছেন। বাংলাদেশের কোচ টম সেন্টফিট এই মুহূর্তে বেলজিয়ামেই রয়েছেন সদ্যোজাত মেয়ে ও স্ত্রীর পাশে। বেলজিয়াম থেকে সরাসরি মালদ্বীপে এসে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়ার কথা বেলজিয়ান কোচের। এশিয়ান কাপ বাছাইপর্বের প্লে-অফের প্রস্তুতির জন্য ১ সেপ্টেম্বর মালদ্বীপের সঙ্গে একমাত্র আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি খেলবে বাংলাদেশ দল। মালদ্বীপের ম্যাচের জন্য ২৩ সদস্যের দল কাল ঘোষণা করেছে ফুটবল ফেডারেশন। বেলজিয়াম যাওয়ার আগে দল চূড়ান্ত করে গেছেন সেন্টফিট। তাঁর দলে ডাক পেয়েছেন চার নতুন ফুটবলার—মিডফিল্ডার জাফর ইকবাল, মোহাম্মদ আবদুল্লাহ, সেন্টু চন্দ্র সেন ও ডিফেন্ডার দিদারুল আলম।
বাংলাদেশ এই ম্যাচে পাচ্ছে না মিডফিল্ডার অধিনায়ক মামুনুল ইসলাম ও জামাল ভূঁইয়াকে। মামুনের চোট ও জামাল কাটা পড়েছেন দুটি হলুদ কার্ডের খাঁড়ায়। সাত বছর পর জাতীয় দলে ফিরেছেন মিডফিল্ডার এনামুল হক শরীফ, তিন বছর পর প্রাণতোষ কুমার দাশ। চোট কাটিয়ে প্রায় ছয় মাস পর দলে ফিরেছেন মিডফিল্ডার হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস।
৩৩ জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড জুয়েল রানা, ডিফেন্ডার আতিকুর রহমান মিশু, ফরোয়ার্ড আমিনুর রহমান সজীব, মেহেদি হাসান তপু, ডিফেন্ডার মনসুর আমিন, মোহাম্মদ রুম্মন ও আতিকুর রহমান ফাহাদ। বাংলাদেশ দল আজ মালদ্বীপের উদ্দেশে ঢাকা ছাড়বে।
২৩ জনের দল
শহিদুল আলম সোহেল, আশরাফুল ইসলাম রানা (গোলরক্ষক), রায়হান হাসান, নাসিরউদ্দিন চৌধুরী, তপু বর্মণ, ইয়ামিন মুন্না, মামুন মিয়া, আরিফুল ইসলাম, রেজাউল করিম, ওয়ালী ফয়সাল, দিদারুল আলম (ডিফেন্ডার), প্রাণতোষ দাস, জাফর ইকবাল, রুবেল মিয়া, সোহেল রানা, ইমন মাহমুদ, মোহাম্মদ আবদুল্লাহ, সেন্টু সেন, এনামুল শরীফ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস (মিডফিল্ডার), সোহেল রানা, নাবিব নেওয়াজ জীবন, সাখাওয়াত রনি (ফরোয়ার্ড)।