প্রেরণা দুই বছর আগের শিক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডিয়েগো গোডিন
ডিয়েগো গোডিন

২৪ মে, ২০১৪। লিসবন। চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। ৯২ মিনিট ৪৮ সেকেন্ড।
মহাকাল থমকে যাওয়ার ব্যাপারটা ওই একটি সেকেন্ডে বাস্তব হয়ে দেখা দিয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে। প্রথমার্ধে অধিনায়ক ডিয়েগো গোডিনের গোলে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপার স্বপ্ন দেখছিল ডিয়েগো গোডিনের দল। মাত্র কয়েক সেকেন্ড দূরেই ছিল শিরোপার হাতছানি, তখনই থমকে গেল মহাকাল। লুকা মডরিচের কর্নারে হেড করে বল জালে জড়িয়ে দিলেন সার্জিও রামোস, অ্যাটলেটিকোর প্রথম ইউরোপ-সেরা হওয়ার স্বপ্নও ধাক্কা খেল। অতিরিক্ত সময়ে আরও ৩ গোল করে রিয়াল মাদ্রিদই করল দশম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের উল্লাস।
আরও একবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি অ্যাটলেটিকো-রিয়াল। মিলানে গোডিনরা পারবেন অধরা ট্রফিটায় হাত ছোঁয়াতে? অ্যাটলেটিকো অধিনায়কের বিশ্বাস, পারবেন। দুই বছর আগের ফাইনালের শিক্ষাটাকেই এবার প্রেরণা হিসেবে নিচ্ছেন ৩০ বছর বয়সী উরুগুইয়ান ডিফেন্ডার।
আর এক দিনের অপেক্ষা। ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটিতে জিনেদিন জিদানের রিয়ালের মুখোমুখি হতে গোডিনরা প্রস্তুত, দুই বছর আগের ফাইনালের চেয়ে একটু বেশিই। উয়েফাকে দেওয়া সাক্ষাৎকারে গোডিন বললেন, ‘সেবার আমরা হেরেছিলাম। কিন্তু এই হারগুলো থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, কোথায় উন্নতি করতে হবে, সেটি শিখতে হবে। এখন আমরা আরও একটি ফাইনালে। এবার আগের সেই শিক্ষাটাকে আমাদের কাজে লাগাতেই হবে। নিশ্চিত করতে হবে, যেন তেমন কিছু আরেকবার না হয়।’
চ্যাম্পিয়নস লিগ ফাইনালটিই ব্যতিক্রম, না হলে সেই মৌসুমে গোডিনের গোলই ছিল অ্যাটলেটিকোর শিরোপা জয়ের নিশ্চয়তা। লিগ শিরোপাও এসেছিল গোডিনের ‘মাথা’য় চড়ে। বার্সেলোনার সঙ্গে শেষ ম্যাচে তাঁর হেডেই ড্র করে লা লিগার শিরোপা জেতেন সিমিওনের শিষ্যরা। চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও তেমন আশা জাগাচ্ছিল প্রথমার্ধে গোডিনের গোল। কিন্তু সেটি শেষ পর্যন্ত ‘রোজিব্লাঙ্কোস’ অধিনায়কের জন্য সান্ত্বনা হয়েই রইল। নিজেই সাক্ষাৎকারে বলেছেন, ‘ফাইনালে গোল করার অনুভূতি অবশ্যই অসাধারণ। তবে আমরা শিরোপা তো জিতিনি। দিন শেষে সেটিই আসল।’
লিসবন থেকে সেবার রানার্সআপ মেডেল নিয়ে বাড়ি ফিরেছেন, তবে সেটি চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে একটুও মরচে ধরাতে পারেনি, ‘ওই ফাইনালের পর থেকে আমরা সব সময়ই বলে এসেছি, এই শিরোপা জেতা আমাদের স্বপ্ন। আমরা কখনোই তা লুকাইনি। খোলাখুলিই বলেছি, কারণ আমরা এটা চাই। এবং সেটির জন্য লড়েও যাব।’
‘লড়ে যাওয়া’র কথা অবশ্য গোডিন না বললেও চলত। প্রতিপক্ষকে ছাড় না দেওয়া, প্রতিটি মুহূর্তে সবটুকু ঢেলে দেওয়া তো সিমিওনের অ্যাটলেটিকোর খেলারই অনুষঙ্গ। ফাইনালেও তেমন কিছুর প্রতিশ্রুতি দিয়ে রাখলেন গোডিন, ‘ফাইনাল অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কৌশলের লড়াই হবে, শারীরিক লড়াইও থাকবে। তবে আমার জন্য, সতীর্থদের জন্য ও সমর্থকদের জন্যও এবার ট্রফিটা জেতা একটা স্বপ্ন।’ গোলডটকম।