প্রেসবক্সে বসেই 'জিতলেন' কোটান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খেলছে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল। আর প্রেসবক্সে বসে দুই প্রধান শিরোপা প্রতিদ্বন্দ্বীর ম্যাচে শ্যেনদৃষ্টি ঢাকা আবাহনী কোচ জর্জ কোটানের। l প্রথম আলো
খেলছে চট্টগ্রাম আবাহনী ও শেখ জামাল। আর প্রেসবক্সে বসে দুই প্রধান শিরোপা প্রতিদ্বন্দ্বীর ম্যাচে শ্যেনদৃষ্টি ঢাকা আবাহনী কোচ জর্জ কোটানের। l প্রথম আলো

ডাগআউটে দাঁড়িয়ে অনেক জয়েই উদ্বেলিত হয়েছেন। তবে শুধুই দর্শক হিসেবে জয়ের আনন্দটা বুঝি একটু আলাদা। সেই আনন্দ লুকাতে পারেন না জর্জ কোটানের মতো ৭০ ছুঁই-ছুঁই লোকও। আর তা দেখার সুযোগ হয়েছে কাল চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের প্রেসবক্সে। মাঠে খেলছে শেখ জামাল বনাম চট্টগ্রাম আবাহনী। অথচ প্রেসবক্সের এক কোনায় বসে মনে হচ্ছিল অলক্ষ্যে কোটানও বুঝি খেলছেন!
এই ম্যাচে চট্টগ্রাম আবাহনীর হার চাইছিলেন বাংলাদেশকে ২০০৩ সাফ জেতানো অস্ট্রিয়ান কোচ। এখানে তিনি ঢাকা আবাহনীর কোচ। এবং দিন শেষে তাঁর চাওয়াটাই পূর্ণ হলো। শেখ জামালের কাছে হেরে গেছে মামুনুল-জাহিদদের দল চট্টগ্রাম আবাহনী। সুফলটা ঘরে তুলেছে বড় আবাহনী। আজ মুক্তিযোদ্ধার সঙ্গে জিতলে ১৫ ম্যাচ শেষে নিকটতম প্রতিদ্বন্দ্বী চট্টগ্রাম আবাহনীর চেয়ে ৭ পয়েন্ট এগিয়ে যাবে ঢাকা আবাহনী। কোটানের মুখে হাসি না ছড়িয়ে পারে!
সেই হাসি ফুটিয়ে কোটান ম্যাচের সময়ই দুবার ফোন করে ম্যাচের খোঁজখবর দিলেন দল নিয়ে অনুশীলনে থাকা আবাহনীর ম্যানেজার সত্যজিৎ দাস রুপুকে। শেষ বাঁশি বাজতেই আবার ফোন। এবার এ প্রান্তে শোনা যায় দুটি শব্দ, ‘গুড নিউজ!’, মানে প্রতিদ্বন্দ্বীরা হেরেছে। এই ‘গুড নিউজের’ জন্য কী ব্যাকুলই না ছিলেন মানুষটা!