প্রেসিডেন্টের মুখেও মেসি-ম্যারাডোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও পুরোনো বিতর্ক। দুজনের মধ্যে কে সেরা—মেসি, না ম্যারাডোনা? বিশ্বজুড়েই চলে এই বিতর্ক। তাহলে আর্জেন্টিনায় বিতর্ক কেমন হতে পারে ভেবে দেখুন। দুজনই তো নায়ক। অবশ্য একটু বোধ হয় ভুল হলো। মেসি নায়ক, কিন্তু ১৯৮৬ বিশ্বকাপ জয় ম্যারাডোনাকে সেই যে মহানায়কের আসনে বসিয়েছে, সেখান থেকে তাঁর অবস্থান বদলায়নি। আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও মাকরিও এগিয়ে রাখলেন ম্যারাডোনাকেই। তবে কারণটা একটু বিস্ময়কর। এমনিতে মেসির খেলা পছন্দ করেন মাকরি, কিন্তু বড় টুর্নামেন্টে প্রভাব রাখার ক্ষমতার জন্য ’৮৬-এর নায়ককেই বেশি পছন্দ তাঁর। রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালকে বললেন, ‘ফাইনাল জিততে হলে হয়তো ম্যারাডোনাকেই চাইব। তবে প্রতি রোববার ক্লাবের ম্যাচে, মেসি।’ ক্লাব পর্যায়ে ম্যারাডোনার চেয়ে বেশি সফল হলেও জাতীয় দলের সাফল্য এখনো লুকোচুরি খেলছে মেসির সঙ্গে। বিশ্বকাপের পর কোপা আমেরিকার ফাইনালে উঠেও হেরেছেন। ওই হার দুটিই কি এখনো পোড়াচ্ছে মাকরিকে! সূত্র: সকার লাদুমা।