প্লাতিনি থাকবেন ইউরোতে?
এটা সত্যি, ২০১৬ ইউরো নিয়ে তাঁর অনেক স্বপ্ন ছিল। অনেকবার সেই স্বপ্নের কথা বলেছেনও মিশেল প্লাতিনি। তাঁর নিজের দেশে টুর্নামেন্ট, সবকিছু ঠিক থাকলে তিনিই তো থাকতেন এটির সর্বেসর্বা। কিন্তু দুর্নীতির খড়্গে পড়ে পুরোই পাল্টে গেল মিশেল প্লাতিনির জগৎ। ফিফা নৈতিকতা কমিটি নিষেধাজ্ঞা দিয়ে রাখায় এ মুহূর্তে তিনি সব ধরনের ফুটবলের সব রকম কর্মকাণ্ডে ‘অচ্ছুত’। আগামী জুনে শুরু ইউরো যত ঘনিয়ে আসছে, প্রতিনিয়তই আক্ষেপটা যেন বাড়ছে প্লাতিনির। তবে তাঁর একসময়ের সহকর্মী ও উয়েফার বর্তমান জ্যেষ্ঠ সহসভাপতি অ্যাঞ্জেল মারিয়া ভিয়ার কিন্তু এখনো আশায় আছেন, ২০১৬ ইউরো ফাইনাল শেষে প্লাতিনিই ট্রফি তুলে দেবেন জয়ী দলের হাতে!
এ মুহূর্তে সেটা কিছুটা অবাস্তব মনে হয়। ফিফার নৈতিকতা কমিটি প্লাতিনি ও সাবেক ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার দুজনকেই প্রথমে ৮ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল। পরে আপিল কমিটি সেই নিষেধাজ্ঞা দুই বছর কমিয়ে ছয় বছর করেছে। শাস্তি থেকে বাঁচতে শেষ চেষ্টা হিসেবে ব্ল্যাটার ও প্লাতিনি দুজনই আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছেন। এখন ক্রীড়া আদালতের সিদ্ধান্ত জানার অপেক্ষা। দুই দিন আগে ফ্রান্সের বেইন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্লাতিনিকে এ নিয়ে খুব হতাশই মনে হয়েছে। আক্ষেপ করে বলেছেন, ‘ইউরো ২০১৬ তো আমার সন্তানের মতো। কিন্তু আমি জানি না সেখানে থাকতে পারব কি না। শুরু থেকে ওই টুর্নামেন্টে থাকতে পারব না এটা আমার কাছে অকল্পনীয়। আমার প্রতি এটি ঘোরতর অবিচার।’
এই দুঃসময়ে প্লাতিনিকে কিছুটা সাহস দিচ্ছেন উয়েফার জ্যেষ্ঠ সহসভাপতি ও স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি অ্যাঞ্জেল মারিয়া ভিয়ার। প্লাতিনির অনুপস্থিতিতে উয়েফা নির্বাহী কমিটির সর্বময় কর্তা হয়ে ওঠা এই ফুটবল প্রশাসক বলেছেন, ‘আমার তো ইচ্ছা, ইউরোর ট্রফিটা প্লাতিনিই তুলে দেন। আমি ওই অনুষ্ঠানটির অপেক্ষায় আছি। আশা করছি, জুলাইয়ে ফ্রান্সে জয়ী দলটির হাতে প্লাতিনিই ট্রফি তুলে দিতে পারবেন।’
ভিয়ারের ইচ্ছেপূরণ হলে প্লাতিনির চেয়ে বেশি খুশি আর কে হবেন! মার্কা।