প্লাতিনিকে আজীবন নিষিদ্ধের সুপারিশ!

ফিফার নৈতিকতা কমিটি তদন্ত শেষের ঘোষণা দিয়েছিল দুই দিন আগেই। সেপ ব্ল্যাটার ও মিশেল প্লাতিনির জন্য কী শাস্তির সুপারিশ করা হয়েছে, সেটা নিয়েও ছিল জল্পনাকল্পনা। সেই খবরটা ফাঁস করে দিয়েছে ফ্রান্সের এক পত্রিকা, নৈতিকতা কমিটি প্লাতিনির জন্য আজীবন নিষেধাজ্ঞা সুপারিশ করেছে বলেই তারা জানিয়েছে। আর পুরো ব্যাপারটা নিয়ে ক্ষিপ্ত প্রতিক্রিয়া জানিয়েছেন প্লাতিনির আইনজীবীরা।
সেপ ব্ল্যাটারের সঙ্গে একটা আর্থিক লেনদেন নিয়েই উঠেছিল অভিযোগটা। ১৯৯৯ থেকে ২০০২ সালের মধ্যে ফিফার পরামর্শক হিসেবে প্লাতিনিকে ২০ লাখ ইউরো দিয়েছিলেন ব্ল্যাটার। অভিযোগ উঠেছে, সেই লেনদেন ফিফার নিয়ম মেনে হয়নি। সেটির জন্য ব্ল্যাটার-প্লাতিনি দুজনকেই সাময়িকভাবে ৯০ দিনের জন্য নিষিদ্ধ করেছিল নৈতিকতা কমিটি। এর মধ্যেই ফিফা তদন্ত শুরু করে দিয়েছিল। কালই ফ্রেঞ্চ দৈনিক লিবারেশন ফার্স্ট জানিয়েছে, প্লাতিনিকে আজীবন নিষেধাজ্ঞার জন্যই সুপারিশ করা হয়েছে।
ফিফা আনুষ্ঠানিকভাবে কিছু জানানোর আগেই ব্যাপারটা ফাঁস হয়ে যাওয়াতেই খেপেছেন প্লাতিনির আইনজীবী থিবো দালেস। পুরো ব্যাপারটা তাঁর মক্কেলের বিরুদ্ধে ষড়যন্ত্র বলেও দাবি করেছেন, ‘এটা কেলেঙ্কারি ছাড়া কিছু নয়। এসব করে তাঁর ক্ষতি করারই চেষ্টা করা হচ্ছে। ফিফায় এখন একটার পর একটা মুখোশ উন্মোচিত হচ্ছে। নির্বাচনের সময়টাও পরিকল্পনা করে ঠিক করা হয়েছে। সবকিছুই করা হচ্ছে যাতে তিনি দাঁড়াতে না পারেন।’ দালেস অবশ্য মানলেন, নৈতিকতা কমিটি প্লাতিনির বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়েছে, ‘নিষেধাজ্ঞাটা তাঁর দুর্নীতির প্রমাণ, কিন্তু এটা অবশ্যই বাড়াবাড়ি হয়ে গেছে। মামলার কোনো কিছু এখানে আমলে নেওয়া হয়নি।’
প্লাতিনির শাস্তির সুপারিশটা না হয় জানা গেল। কিন্তু ব্ল্যাটারের শাস্তিটা কী হতে পারে? সেটা অবশ্য জানা যায়নি, ব্ল্যাটারের আইনজীবীরাও মুখে কুলুপ এঁটে আছেন।
যদি সুপারিশটা সত্যি হয়, সামনের ফেব্রুয়ারিতে ফিফা নির্বাচনে প্লাতিনির লড়াই করার সম্ভাবনাটা এখন একরকম শেষই হয়ে গেল। ৯০ দিনের নিষেধাজ্ঞার জন্য প্লাতিনি প্রার্থিতার ছাড়পত্র এখনো পাননি। এর মধ্যে সর্বোচ্চ ক্রীড়া আদালতে আপিল করেছেন, সেখানে সবুজ সংকেত পেলেই প্রার্থী হওয়ার সম্ভাবনা বেঁচে থাকবে। এএফপি।