প্লাতিনিকে রিয়ালের তোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময় যতই ঘনিয়ে আসছে, জমছে চায়ের কাপে তর্ক। ব্যালন ডি’অর নিয়ে নানা মুনির নানা মত। তবে কে ভেবেছিল, এটা রিয়াল মাদ্রিদ আর মিশেল প্লাতিনিকে মুখোমুখি দাঁড় করিয়ে দেবে? হোসে মরিনহোর অবশ্য এসব তর্কে মাথা ঘামানোর সময় নেই, ব্যালন ডি’অরকেই খুব একটা গুরুত্ব দেন না চেলসি কোচ।
প্লাতিনি কথাটা বলেছিলেন গত মাসে। উয়েফা সভাপতি বলেছিলেন, এ বছরের ব্যালন ডি’অর কোনো জার্মানেরই পাওয়া উচিত। তিন দিন আগে স্প্যানিশ দৈনিক এএসকে দেওয়া সাক্ষাৎকারে প্লাতিনি নিজের পুরোনো কথাটাই আবার মনে করিয়ে দিলেন, ‘আমি চার বছর আগেই এটা বলেছিলাম। সেবার স্পেন বিশ্বকাপ জিতেছিল, তাই তাদেরই কারও পুরস্কার পাওয়া উচিত ছিল (২০১০ সালে পুরস্কার মেসি পেয়েছিলেন)। এবার এটা জার্মানির কারও কাছে যাওয়া উচিত।’
প্লাতিনির কথাটা হয়তো মেসি-রোনালদো দুজনেরই গায়ে লেগেছে। তবে প্রতিক্রিয়া দেখিয়েছে রিয়াল মাদ্রিদ, মনে করিয়ে দিয়েছে প্লাতিনি শুধু সাবেক একজন ফুটবলার নন, উয়েফার শীর্ষ কর্তাও। “ব্যালন ডি’অর নিয়ে প্লাতিনির বারবার একই কথা বলায় আমরা একটু বিস্মিত। বিশেষ করে তিনি যখন ইউরোপিয়ান ফুটবলের প্রধানের পদে আছেন। আমাদের মনে হয় এসব ক্ষেত্রে কড়াকড়িভাবে নিরপেক্ষতা বজায় রাখা উচিত”—নিজস্ব ওয়েবসাইটে ব্যাখ্যা দিয়েছে রিয়াল। সেই সঙ্গে রোনালদোই যে ফেবারিট, সেই দাবিটাও ছাড়েনি, ‘এবং সবশেষে আমরা বিশ্বাস করি ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের সেরা বছর ছিল এটা। সেই সঙ্গে চ্যাম্পিয়নস লিগ, গোল্ডেন বুট, এক মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি গোলের রেকর্ড, কোপা ডেল রে, লা লিগার সবচেয়ে বেশি গোল—এসব তো জিতেছেই। ব্যালন ডি’অর তার চেয়ে বেশি কারও প্রাপ্য নয়।’
রোনালদোকে হোসে মরিনহো খুব কাছ থেকেই দেখেছেন, হয়তো রিয়ালের দাবির সঙ্গে খুব একটা দ্বিমতও করবেন না। কিন্তু মরিনহোর এসব নিয়ে আগ্রহই নেই, ‘এসব ট্রফি ফুটবলের জন্য খুব ভালো কিছু বলে আমার মনে হয় না। আমি এসব খুব একটা গুরুত্ব দিই না।’ কিন্তু এই পুরস্কার নিয়ে এত নির্লিপ্তি কেন? মরিনহোর ব্যাখ্যা, ‘মাঝে মাঝে আমার মনে হয় আমরা তারকা-টারকা খুঁজছি, কাউকে কাউকে বেশি গুরুত্বপূর্ণ করার চেষ্টা করছি। কিন্তু আমার ক্লাবে এ ধরনের সংস্কৃতি আমি চাই না।’ মরিনহোর দাবি, প্রাথমিক তালিকায় থাকা তাঁর ক্লাবের দুজন—সেস্ক ফ্যাব্রিগাস ও এডেন হ্যাজার্ডের ধারণাও একই, ‘আমার মনে হয় ওরাও এসব নিয়ে খুব একটা ভাবে না। স্পষ্টতই তারা দল নিয়ে ভাবে, বেশি বেশি ম্যাচ জেতার চেষ্টা করে।’ এএফপি, রয়টার্স।