প্লাতিনির অনুরোধে ব্ল্যাটারের 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পত্রিকার শিরোনামে মুণ্ডুপাত, বিক্ষোভকারীদের মুখোশ পরে ব্যঙ্গ—ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের দিকে চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। কাল জুরিখে l এএফপি
পত্রিকার শিরোনামে মুণ্ডুপাত, বিক্ষোভকারীদের মুখোশ পরে ব্যঙ্গ—ফিফা সভাপতি সেপ ব্ল্যাটারের দিকে চারদিক থেকে ধেয়ে আসছে সমালোচনা। কাল জুরিখে l এএফপি

জুরিখের আকাশে সূর্য হেসেছে সকাল থেকেই। কিন্তু ফিফার সদর দপ্তরে কাল সারা দিন অস্থিরতার কালো মেঘ। পরদিন ফিফা সভাপতি নির্বাচন হবে কি না, সেই প্রশ্নটাও উড়ে বেড়াচ্ছিল বাতাসে। সেপ ব্ল্যাটারকে ফিফা সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করেছেন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিও। কিন্তু ব্ল্যাটার সেই অনুরোধ রাখেননি। শেষ পর্যন্ত নির্বাচনটা আজ হচ্ছেই, কিন্তু ফিফা সভাপতির ওপর এখন আক্ষরিক অর্থেই পর্বতপ্রমাণ চাপ। তার চেয়েও বড় শঙ্কা, ফুটবল-বিশ্ব আজকের পর বিভক্ত হয়ে যাবে না তো?
নির্বাচনের দুই দিন আগে পরশু হঠাৎ করেই টালমাটাল ফিফা। জুরিখের এক হোটেল থেকে গ্রেপ্তার হলেন ফিফার দুজন সহসভাপতিসহ শীর্ষ কয়েকজন কর্তা। এফবিআইয়ের তদন্তে যাদের বিরুদ্ধে বেশুমার দুর্নীতির অভিযোগ। ফুটবল-বিশ্বে শুরু হয়ে গেল তোলপাড়, সাবেক খেলোয়াড়েরা একের পর এক তোপ দাগতে লাগলেন ব্ল্যাটারের দিকে। প্রশ্ন উঠে গেল রাশিয়া ও কাতারে পরের দুই বিশ্বকাপ আয়োজনের ভবিষ্যৎ নিয়েও। ভিসার মতো বিশ্বকাপের পৃষ্ঠপোষকেরা ফিফার সঙ্গে সম্পর্কচ্ছেদের হুমকি পর্যন্ত দিয়ে বসল।
ওই ঘটনার পর থেকে ব্ল্যাটারের দেখা মিলছিল না। ফিফার সব অনুষ্ঠানে তাঁর নিয়মিত উপস্থিতি, অথচ ব্ল্যাটার কাল সকালে ফিফার চিকিৎসাবিষয়ক সম্মেলনেও অনুপস্থিত থাকলেন। পরে অবশ্য বিকেলে শুরু হওয়া কংগ্রেসে ভাষণ দিয়েছেন। এর আগে পরিস্থিতি সঙ্গিন দেখে বিভিন্ন কনফেডারেশনের প্রধানদের নিয়ে জরুরি কমিটির একটা বৈঠকও করেছেন।
ওই বৈঠকেই প্লাতিনি ফিফা সভাপতিকে বোঝালেন, তাঁর দায়িত্ব ছেড়ে দেওয়াই হবে সবার জন্য ভালো। পরে সংবাদ সম্মেলনে প্লাতিনি নিজেই জানিয়েছেন, ‘আমি তাঁকে বললাম, যথেষ্ট হয়েছে, সেপ। আর নয়। এবার পদত্যাগ করুন। সব শুনে তিনি বললেন, “অনেক বেশি দেরি হয়ে গেছে। বিকেলে কংগ্রেস আর আমি এখন হঠাৎ করে সরে যেতে পারি না।” আমি চোখে পানি নিয়েই কথাগুলো বলেছি। এসব বলতে আমার ভালো লেগেছে, তা নয়। কিন্তু বড় বেশি কেলেঙ্কারি হয়ে গেছে।’
গুঞ্জন ছিল, উয়েফা ফিফা নির্বাচন বর্জন করতে পারে। শেষ পর্যন্ত তা না করলেও উয়েফার সমর্থন যে জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইনের দিকে, সেটি বলেই দিয়েছেন প্লাতিনি, ‘উয়েফার সিংহভাগ ভোট পড়বে প্রিন্স আলির পক্ষে, অন্তত ৪৫-৪৬টি তো বটেই (৫৩টির মধ্যে), আমি চেষ্টা করব যেন আরও বেশি হয়। মানুষ বর্তমান সভাপতিকে এখন আর চায় না।’
প্রশ্ন উঠতেই পারে, ফিফা কর্তাদের এত সব অনিয়মের কিছুই কি ব্ল্যাটার জানতেন না? ফিফা কংগ্রেসের উদ্বোধনী ভাষণে কাল দাবি করলেন, ‘যারা দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের সংখ্যা খুব কম। আমি তো সবার ওপর চোখ রাখতে পারব না। যারা খারাপ কিছু করে, তারা এসব আড়াল করে রাখার চেষ্টা তো করবেই।’ স্বীকার করে নিলেন, সামনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে, ‘পরের কয়েক মাস সহজ হবে না। আমি নিশ্চিত, আরও অনেক খারাপ খবর আসবে।’
কয়েক দিন আগেও মনে হচ্ছিল, পঞ্চম মেয়াদে ব্ল্যাটারের সভাপতি নির্বাচিত হওয়াটা শুধুই সময়ের ব্যাপার। ইউরোপে তাঁর নেতৃত্ব নিয়ে অনেক দিন থেকেই প্রশ্ন উঠছে। তবে আফ্রিকা ও এশিয়ায় ব্ল্যাটারের বিপুল প্রভাব। ফিফার সবচেয়ে বেশি সদস্য দেশ আফ্রিকার (৫৬), এশিয়ারও খুব কম নয় (৪৭)। ব্ল্যাটারের সঙ্গে প্রিন্স আলীর তাই পেরে ওঠার কথা নয়। কিন্তু পরিবর্তিত পরিস্থিতির কারণে আজকের নির্বাচনের সমীকরণ বদলে যেতেও পারে। শেষ পর্যন্ত যদি ব্ল্যাটারই জেতেন, তাহলে ইউরোপের দেশগুলো বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্তও নিতে পারে বলে আভাস দিয়ে রেখেছেন প্লাতিনি।
সব মিলিয়ে বিশ্ব ফুটবল এখন ইতিহাসের কঠিনতম সংকটের সামনে দাঁড়িয়ে। এএফপি, রয়টার্স, বিবিসি, স্কাই স্পোর্টস।