প্লাতিনির আপিল খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার ও উয়েফা-প্রধান মিশেল প্লাতিনির ওপর ঝুলছে ৯০ দিনের নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আপিলও করেছিলেন তাঁরা। কিন্তু গতকাল ফিফার আপিল কমিটি সে আবেদন খারিজ করে দিয়েছে।
গত ৭ অক্টোবর এই দুজনের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করে ফিফা। ২০১১ সালে প্লাতিনিকে ২০ লাখ ডলার দিয়েছিলেন ব্ল্যাটার। সেটি নাকি এক দশক আগে প্লাতিনির করা এক কাজের পারিশ্রমিক। কিন্তু এ লেনদেনকে আর্থিক অনিয়ম হিসেবেই দেখা হয়েছে। ফলে দুজনের কপালেই জুটেছে নিষেধাজ্ঞা। তাতে প্লাতিনির ক্ষতিটা হয়েছে বেশি, ফিফার সভাপতি পদে প্রার্থী হওয়ার আশাটা খেয়েছে বিশাল ধাক্কা। বাকি পাঁচ সভাপতি প্রার্থীর সঙ্গে লড়াইয়ে পিছিয়ে পড়ছেন প্লাতিনি। তাঁর প্রার্থিতাই স্থগিত রয়েছে। স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে উয়েফা থেকে সাময়িক অব্যাহতি পাওয়া সভাপতি আপিল করেছিলেন গত ১০ অক্টোবর। ৩২ দিন পর রায় দিল ফিফা।
এখন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের (সিএএস) শরণাপন্ন হতে পারেন প্লাতিনি। তা না হলে তাঁকে ফিফা সভাপতি পদে প্রার্থিতার ভাগ্য জানতে অপেক্ষায় থাকতে হবে ৫ জানুয়ারি পর্যন্ত ফিফার নিষেধাজ্ঞা ওঠা পর্যন্ত। ফিফার সভাপতি নির্বাচন হবে ২৬ ফেব্রুয়ারি। এএফপি।