প্লাতিনির পাশেই উয়েফা
ফিফার নৈতিকতা কমিটির ৯০ দিনের নিষেধাজ্ঞা পেয়েছেন, ফেব্রুয়ারির নির্বাচনে সভাপতির পদে দাঁড়াতে পারবেন কি না, সেটাও অনিশ্চিত। তবে পায়ের নিচে একটু দাঁড়ানোর মাটি পেলেন মিশেল প্লাতিনি, কাল উয়েফার জরুরি সভায় ইউরোপের সর্বোচ্চ ফুটবল সংস্থা প্লাতিনির পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। আর ফেব্রুয়ারির ফিফা নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেছেন জর্ডানের প্রিন্স আলী বিন আল হুসেইন।
সেপ ব্ল্যাটারের সঙ্গে একটা আর্থিক লেনদেনের অস্বচ্ছতার কারণে ফিফার নৈতিকতা কমিটি সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ড থেকেই নিষিদ্ধ করেছে প্লাতিনিকে। সে জন্য সভাপতি থাকার পরও কাল সুইজারল্যান্ডের নিয়নের সভায় ছিলেন না এই ফ্রেঞ্চ কিংবদন্তি। তবে উয়েফা মহাসচিব জিয়ান্নিনো ইনফ্যান্তিনো সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন, ‘আমরা মিশেল প্লাতিনিকে সমর্থন দিচ্ছি। আশা করছি একটা সুষ্ঠু প্রক্রিয়ায় তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবেন।’ এর আগে ইংল্যান্ড ও নিজের দেশ ফ্রান্সের ফেডারেশন প্লাতিনির পক্ষে কথা বলেছিল।
১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত সেপ ব্ল্যাটারের অধীনে ফিফার পরামর্শদাতা হিসেবে কাজ করেছিলেন প্লাতিনি। সেটার জন্য পাওয়া ২০ লাখ ডলার নিয়েই অনিয়মের অভিযোগ এনেছিল সুইস কর্তৃপক্ষ। ফিফার নৈতিকতা কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে প্লাতিনি অবশ্য সর্বোচ্চ ক্রীড়া আদালতের (কোর্ট অব আরবিট্রেশন, সিএএস) কাছে আপিল করেছেন। উয়েফা জানিয়েছে, আপিলের রায় ঘোষণার সম্ভাব্য সময় ১৫ নভেম্বর পর্যন্ত প্লাতিনির পক্ষেই তারা থাকবে।
গুঞ্জন উঠেছিল, ফেব্রুয়ারির ফিফা নির্বাচন পিছিয়ে যেতে পারে। সেটা হলে প্লাতিনির নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার সম্ভাবনাও বেড়ে যায়। ইনফ্যান্তিনো অবশ্য অন্য কথাই বললেন, ‘সবাই মনে করছেন ২৬ ফেব্রুয়ারির নির্বাচনটা ঠিক সময়েই হওয়া উচিত। পুরো প্রক্রিয়ার স্বচ্ছতার জন্য এটা পেছানো উচিত নয়।’ গুঞ্জন ছিল, উয়েফা একজন অন্তর্বর্তীকালীন সভাপতি নিয়োগ দিতে পারে। তবে ইনফ্যান্তিনো সেই সে রকম কোনো ইঙ্গিত দিলেন না, ‘নতুন কেউ আসবে কি না, সেটা এখনই বলা সম্ভব নয়। এটা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, কোনো কথাও হয়নি।’
গত মে মাসের নির্বাচনে ব্ল্যাটারের একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রিন্স আলী। সেবার ইউরোপের অনেক দেশেরই সমর্থন পেয়েছিলেন জর্ডানের প্রিন্স। কিন্তু ব্ল্যাটার পদত্যাগের ঘোষণা দেওয়ার পর প্লাতিনিকেই ধরা হচ্ছিল সম্ভাব্য উত্তরসূরি। নানা ঘটনার পর এখন প্রিন্স আলী আবার দৃশ্যপটে। কাল এক ঘোষণায় তিনি বলেছেন, এই সংকটময় মুহূর্তে তাঁর হাত ধরেই ফিফায় ঘটতে পারে একটা ইতিবাচক পরিবর্তন। এএফপি, গার্ডিয়ান।