প্লাতিনির বাড়িতে 'বল-বর্ষণ' করলেন রোনালদো-ভক্তরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্লাতিনির বাড়িতে এভাবে বল মারা হয়!
প্লাতিনির বাড়িতে এভাবে বল মারা হয়!

ঝামেলার সূত্রপাত গত নভেম্বরে। মিশেল প্লাতিনি মন্তব্য করলেন, বিশ্বকাপের বছরে ব্যালন ডি’অর পুরস্কারটা বিশ্বকাপের পারফরম্যান্সের ওপর ভিত্তি করেই হওয়া উচিত। আর সেটি পাওয়া উচিত জার্মানির কারও। তার মানে, পুরস্কারের জন্য ফেবারিট ক্রিস্টিয়ানো রোনালদোকে উপযুক্ত মনে করেননি প্লাতিনি। বিষয়টি ভালোভাবে নিতে পারেননি রোনালদো ও তাঁর দল রিয়াল মাদ্রিদ। বেজায় চটেন রোনালদো-ভক্তরাও।
প্লাতিনিকে ‘উপযুক্ত শিক্ষা’ দিতে অভিনব এক উপায় বেছে নিয়েছেন রোনালদো-ভক্তরা। করেছেন কী, ৬১টি ফুটবল গাড়িতে ভরে গভীর রাতে হাজির হয়েছেন প্যারিসে, ফরাসি কিংবদন্তির বাড়ির সামনে। বলগুলোয় লেখা ছিল নানান বার্তা। রাত পৌনে তিনটার দিকে একের পর এক বল কিক করে পাঠানো হয় প্লাতিনির বাড়ির ভেতর! যেন বোমার মতো বল-বর্ষণ! মুহূর্তে নিরাপত্তাকর্মীরা সাইরেন বাজালে দ্রুতই সটকে পড়েন ভক্তরা।
তো, ৬১ বল কেন? গত বছর ক্লাব ফুটবলে ৬১ গোল করেছেন ২৯ বছর বয়সী পর্তুগিজ উইঙ্গার। রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে রিয়াল জিতেছে চ্যাম্পিয়নস লিগ, কোপা ডেল রে, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ।
গত মাসে ফিফা ক্লাব বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে করমর্দন না করে প্লাতিনিকে এড়িয়ে চলে যান রোনালদো। বিষয়টি বেশ আলোচনার খোরাক জুগিয়েছিল। তথ্যসূত্র: মিরর।