প্লাতিনির বিরুদ্ধে ফিফার 'ষড়যন্ত্র'!
বোমাটা কদিন আগেই ফাটিয়েছিলেন সেপ ব্ল্যাটার। ফিফার সভাপতি নির্বাচনের আগে মিশেল প্লাতিনি নাকি তাঁকে জেলের ভাত খাওয়ানোর হুমকি দিয়েছিলেন! কাল যে ঘটনা জানা গেল, তাতে ব্ল্যাটার-প্লাতিনির সম্পর্কে নিশ্চিতভাবেই আরও চিড় ধরবে। জার্মানি-সুইজারল্যান্ডের কয়েকটি সংবাদপত্রে বেনামে বিশাল এক প্রতিবেদন গেছে এই মাসের শুরুতে, যাতে ধুয়ে দেওয়া হয়েছে প্লাতিনিকে। উয়েফার দাবি, এই চিঠিটা ফিফাই পাঠিয়েছে। এমনকি ফিফার কাছে উয়েফা মহাসচিব জিয়ান্নিনো ইনফ্যান্তিনো আনুষ্ঠানিক অভিযোগও জানিয়েছেন। ফিফা কাল জানিয়েছে, তারা এই ব্যাপারে তদন্ত শুরু করেছে।
কিন্তু কী লেখা আছে ওই প্রতিবেদনে? ১৪০০ শব্দের ওই প্রতিবেদনের নামটাই হচ্ছে ‘প্লাতিনি: আলমারিতে কঙ্কাল’। পুরো প্রতিবেদনটা এখনো প্রকাশিত হয়নি। তবে প্লাতিনিকে নিয়ে লেখা কয়েকটি বাক্য এ রকম, ‘তিনি ইউরোপের সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। কিন্তু ফিফা সভাপতি হওয়ার জন্য কি যথেষ্ট যোগ্য? কাতারের পরিস্থিতি যেদিকে বাঁক নিচ্ছে তাতে উত্তরটা, না।’
কাতার বিশ্বকাপ নিয়ে ফিফার তুমুল সমালোচনা চলছে অনেক দিন থেকেই। দুর্নীতির বেশ কিছু অভিযোগও উঠেছে। প্লাতিনি অবশ্য কাতারের পক্ষেই নিজের ভোট দিয়েছিলেন। এমনকি প্লাতিনির আইনজীবী ছেলেও কাতারের একটা সংস্থার হয়ে কাজ করেছেন, এই সংস্থার মালিক আবার ফ্রেঞ্চ ক্লাব পিএসজি।
২০০৭ সালে উয়েফা সভাপতি হওয়ার পর প্লাতিনি-ব্ল্যাটারের আজকের মতো চাপান-উতোর ছিল না। সেটা তিক্ততার দিকে যেতে শুরু করে ২০০৮ সালের পর। ওই বছর অস্ট্রিয়ার ভিয়েনায় ইউরোর উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। ব্ল্যাটার তখন দাবি করেছিলেন, তাঁকে ভিআইপি মর্যাদায় সেখানে গ্রহণ করা হয়নি। এই প্রতিবেদনে সেই ঘটনারও উল্লেখ আছে।
তবে সুইস পত্রিকা টাজেস আনজেইগার সাড়া ফেলে দেওয়ার মতো একটা দাবি করেছে। তাদের দাবি, ফিফার একজন বেতনভুক্ত কর্মী এই প্রতিবেদনের অন্যতম লেখক হিসেবে স্বীকারোক্তি দিয়েছেন। উয়েফা ব্যাপারটা মোটেই হালকাভাবে নেয়নি। এপিকে ইনফ্যান্তিনো জানিয়েছেন, ‘আমি এর মধ্যেই জেরোম ভালকেকে (ফিফা মহাসচিব) চিঠি দিয়েছি। ফিফাকে এ নিয়ে তদন্তও করতে বলেছি। উয়েফা সভাপতির বিরুদ্ধে এমন সব প্রচারণা চলায় আমরা উদ্বিগ্ন।’ একই সঙ্গে ফিফার নিরীক্ষা কমিটির চেয়ারম্যান ডমিনিক স্কালা ও নৈতিকতা বিষয়ক কমিটির তত্ত্বাবধায়ক কর্নেল ববলিকেও একই চিঠি দিয়েছেন ইনফ্যান্তিনো।
সামনের ফেব্রুয়ারিতেই ফিফা নির্বাচনে প্রার্থী হচ্ছেন প্লাতিনি। ব্ল্যাটার দায়িত্বটাও ছেড়ে দেবেন তখন। সভাপতি হিসেবে প্লাতিনিকে যে ব্ল্যাটার চান না, সেটা নিয়ে সংশয় নেই। কিন্তু যদি ফিফা এ রকম কিছু করেও থাকে, প্লাতিনিকে ঠেকানোর জন্য সেটা কি যথেষ্ট হবে? ইয়াহুস্পোর্টস।