প্লাতিনির শুভাকাঙ্ক্ষী ব্ল্যাটার!

মনে হচ্ছিল, ঢিলের জবাবে পাটকেল ছুড়বেন সেপ ব্ল্যাটার। এর আগে বেশ কয়েকবারই ব্ল্যাটার ও মিশেল প্লাতিনির মধ্যে এমনটাই হয়েছে। একজনের বিষোদ্গার করে হয়তো কিছু বলেছেন অন্যজন, ওপাশ থেকে কড়া জবাব আসতে দেরি হয়নি একটুও। অথচ একসময় মনে হতো তাঁরা দুজন কত ভালো বন্ধু!
সেই সম্পর্ক এখন শুধু স্মৃতি। ব্ল্যাটার ফিফার সভাপতি ছিলেন, প্লাতিনি উয়েফার প্রধান। বিশ্ব ফুটবলের দুই হর্তাকর্তার দহরম-মহরম দেখে মনে হতো, নিজের উত্তরসূরি হিসেবে প্লাতিনিকে গড়েপিটে নিচ্ছেন ব্ল্যাটার। কিন্তু দুর্নীতির অভিযোগে দুজন ফুটবল থেকে নিষিদ্ধ হয়ে যাওয়ার পর বেরিয়ে আসে সম্পর্কের কদর্য দিকটাও। অভিযোগ-পাল্টা অভিযোগ। সর্বশেষ বোমাটা ফাটিয়েছেন প্লাতিনিই। দিন কয়েক আগে দাবি করেছেন, ব্ল্যাটার নাকি সব সময় তাঁকে ধ্বংস করার হুমকি দিতেন! মনে হচ্ছিল, এটার জবাবে কড়া কিছু বলবেন ব্ল্যাটার। তবে ফিফার সাবেক সভাপতি সে রকম কিছু না বলে প্লাতিনিকে উল্টো সান্ত্বনাই যেন দিলেন। বললেন, ফিফায় ফেরার আশা একেবারে শেষ হয়ে যায়নি প্লাতিনির!
২০১৫ সালে দুজনকেই একসঙ্গে নিষিদ্ধ করা হয় ফুটবল থেকে। প্লাতিনিকে অবৈধভাবে ২০ লাখ সুইস ফ্রাঁ দিয়েছিলেন ব্ল্যাটার—এই অভিযোগে আট বছর করে নিষেধাজ্ঞা জুটেছিল দুজনের। প্লাতিনি অবশ্য এ অর্থপ্রাপ্তিকে এক যুগ আগের একটা কাজের পুরস্কার বলে দাবি করে এসেছেন সব সময়। ফিফার আপিল কমিটি পরে দুজনের নিষেধাজ্ঞা দুই বছর করে কমিয়ে দেয়। এরপর আবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে সেটা চার বছরে নামিয়ে এনেছেন ফরাসি কিংবদন্তি, তবে ব্ল্যাটারের শাস্তি ছয় বছর থেকে কমেনি।
এসব ঘটনার রেশ ধরে কিছুদিন আগে ফরাসি পত্রিকা লে মন্দের সঙ্গে সাক্ষাৎকারে প্লাতিনি দাবি করেন, তাঁকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিলেন ব্ল্যাটার। প্লাতিনি বলেন, ‘ব্ল্যাটারের মতো অহংকারী লোক জীবনে দেখিনি আমি। তিনি সব সময়ই বলতেন, আমি হব তার শেষ শিকার।’
সেটির জবাবেই পরশু ব্ল্যাটার বলেছেন, ‘যদি সে আমাকে অহংকারী মনে করে, আমার সমস্যা নেই। আমি মেনে নিচ্ছি। কিন্তু আমিই তো তাকে ২০০৭ সালে উয়েফা সভাপতি হতে সাহায্য করেছিলাম। আমি কেন তার ধ্বংস চাইব?’
প্লাতিনির এত হতাশ হওয়ার কারণ নেই বলেও মনে করেন ব্ল্যাটার, ‘আমি তো মনে করি, তার ফুটবলে ফেরা উচিত এবং এ-ও মনে হয়, এখনই সবকিছু শেষ হয়ে যায়নি তার।’
প্লাতিনির কথার জবাব দিয়েছেন, আবার নতুন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটা উদ্যোগের সমালোচনাও করেছেন ব্ল্যাটার। ২০২৬ বিশ্বকাপে দলের সংখ্যা ৩২ থেকে বাড়িয়ে ৪৮ করা হয়েছে, যেটি আসলে ইনফান্তিনোরই প্রস্তাব। যেখানে প্রথম পর্বে তিনটি দল করে ১৬টি গ্রুপ করার প্রস্তাব রাখা হয়েছে। এই প্রস্তাব গ্রহণযোগ্য নয় বলেই মনে করেন সাবেক ফিফা সভাপতি, ‘তিন দলের গ্রুপ ব্যাপারটা মেনে নেওয়া যায় না। একটা দলের স্রেফ দর্শক হয়ে যাওয়ার সুযোগ থাকে। যখন কোনো দলের আর সুযোগ থাকে না, তখন পাতানো খেলাও হতে পারে।’ এএফপি।