প্লাতিনির 'ফাইনাল খেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিশেল প্লাতিনির জন্য এ বড় উৎকণ্ঠার দিন। দুরু দুরু বুকে অপেক্ষা করছেন সেপ ব্ল্যাটারও। ক্রীড়া প্রশাসক হিসেবে দুজনের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে এই আপিলের রায়ের ওপর। সুইজারল্যান্ডের লুজানে প্লাতিনির আপিলের শুনানি শুরু হয়েছে কাল, যেখানে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন ব্ল্যাটারও।
২০১১ সালে তখনকার উয়েফা সভাপতি প্লাতিনিকে ২০ লাখ ডলার দিয়েছিলেন সেই সময়ের ফিফা সভাপতি ব্ল্যাটার। ফিফা নৈতিকতা কমিটির তদন্তে যে লেনদেনটি ‘অবৈধ’ প্রমাণিত হয়েছে। এ অভিযোগে গত ডিসেম্বরে নৈতিকতা কমিটি এই দুই ফুটবল প্রশাসককে সব ধরনের ফুটবলীয় কর্মকাণ্ড থেকে আট বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল। ফিফা আপিল কমিটি যেটি পরে কমিয়ে ছয় বছর করেছে।
ব্ল্যাটার-প্লাতিনি দুজনই অবশ্য তখন বলেছিলেন, নিজেদের নির্দোষ প্রমাণের জন্য শেষ পর্যন্ত লড়ে যাবেন। সে লক্ষ্যেই শেষ চেষ্টা হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিলও করেছেন। কাল সেই আপিলের শুনানিতে এসে প্লাতিনিকে আত্মবিশ্বাসীই মনে হলো, ‘আজ (গতকাল) আরও একটা খেলা শুরু হচ্ছে। নতুন খেলা এবং এটাই ফাইনাল। আমি আশা করছি, এর ফলটা ভালো হবে। আমি জিতব—এই বিশ্বাস আছে।’
ব্ল্যাটারের শুনানি অবশ্য পরে হবে। তবে প্লাতিনির আপিল শুনানিতেই তাঁকে ডাকা হয়েছে সাক্ষী হিসেবে। আদালতের বাইরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সাবেক ফিফা সভাপতিও বেশ ফুরফুরেই ছিলেন, ‘আমি দায়িত্ব পালনের জন্য এসেছি। আমি ভালো আছি এবং এ মামলায় একজন সাক্ষী হতে পেরে ভালো লাগছে।’
আগামী ৯ মের মধ্যে প্লাতিনির আপিলের রায় হতে পারে বলে আভাস দিয়েছেন আন্তর্জাতিক ক্রীড়া আদালতের মহাসচিব ম্যাথিউ রিব। এএফপি, রয়টার্স।